অনুবাদ বইয়ের চাহিদা ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিএসসির মোড় পেরিয়ে মেলায় ঢোকার আগেই ভালো হয়ে উঠল মন। পরিবেশ ছিল দারুণ। আমগাছের শাখায় ঝাপটা দিয়ে যাচ্ছিল বসন্তের এলোমেলো হাওয়া। বাতাসে ম-ম করছে মুকুলের গন্ধ। উদ্যানের ভেতরে গাছের ঝরা পাতা। সবকিছুতেই বসন্তের ছোঁয়া। পথঘাটও পরিষ্কার। কেননা, টিএসসি থেকে দোয়েল চত্বরমুখী সড়কে ফুটপাতের অস্থায়ী দোকানিদের অবশেষে সরাতে পেরেছে কর্তৃপক্ষ।
কিন্তু উদ্যানে ঢুকতেই অসংখ্য দোকানপাট এখনো চোখে পড়ল। তা ছাড়া, উদ্যানের ভেতরে গাড়ি নিয়ে ঢুকে পড়ছেন অনেকেই।
মেলা শেষ হতে চলেছে। যদি প্রকাশকদের দাবি না মানা হয়, তাহলে বাকি আছে আর মাত্র দুই দিন। তবে মেলার পরিবেশ এখনো প্রাণচঞ্চল। বিকেল বেলায় গ্রন্থানুরাগীরা আসছেন মেলায়। শেষ দিকে সংগত কারণেই প্রকাশনার সংখ্যা কিছুটা কমে গেছে, তবে সে তুলনায় বিক্রি বেশ বেড়েছে। ভিড়ভাট্টা কম থাকায় এখন বেশ স্বস্তির সঙ্গেই বাছবিচার করে বই কিনতে পারছেন ক্রেতারা। গতকালও এসেছে বেশ কিছু বই।
দ্বার খোলার আগেই সমাগম
বেলা আড়াইটায় বাংলা একাডেমির ভেতরে প্রবেশপথে গিয়ে দেখা গেল উৎসুক মানুষের ভিড়। তরুণ-তরুণীর সংখ্যাটাই বেশি। অনেকের গায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক। সবার অপেক্ষা কখন দ্বার খুলবে, কখন ভেতরে যাবে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজের হাসিবুল মুয়াজ জানালেন, ছুটির পর বাড়ি ফেরার আগেই মেলায় এসেছেন। উৎপল শুভ্ররশচীন রূপকথা সহ জাফর ইকবালের নতুন দুটি কেনার পরিকল্পনা আছে তাঁর। বিগত তিন সপ্তাহ টাকা জমিয়েছেন বই কেনার জন্য। বেলা তিনটায় দ্বার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ঢুুকে পড়লেন সবাই। ফকিরাপুল থেকে আসা মোহাম্মদ আকবর জানালেন, ঘুরে ঘুরে বই দেখা এবং কেনাকাটা করবেন বলে ভিড় জমার আগেই মেলায় এসেছেন। গতকাল মেলার ২৫তম দিনের বিকেলে ভিড়ভাট্টা কম থাকায় যাচাই-বাছাই করে বই কেনার সুযোগ পেয়েছিলেন গ্রন্থানুরাগীরা।
জমেনি লেখক আড্ডা, লিটল ম্যাগ চত্বর সরগরম
লেখকদের জন্য উদ্যানের অংশে প্রবেশের বাঁ পাশে একটি লেখককুঞ্জ তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘লেখক আড্ডা’। প্রথম কয়েক দিন এখানে পুলিশ ছাড়া আর কাউকে বসে থাকতে দেখা যায়নি। মেলার শেষ দিকেও এখানে লেখকদের তেমন দেখা যায়নি। তবে দেরিতে হলেও জমে উঠেছে লিটল ম্যাগ চত্বর। মেলায় লোকসমাগম যেমনই হোক লিটল ম্যাগাজিন চত্বর সর্বদাই থাকে জমজমাট। গতকালও এর ব্যতিক্রম দেখা যায়নি। এ চত্বরটিতে সব সময়ই সম্ভাবনাময় তরুণ লেখক-কবিদের সঙ্গে থাকেন কবি যশপ্রার্থীরাও। তাঁদের অনেকেই পকেটের পয়সা খরচ করে বই প্রকাশ করেন এবং আবার পাঠকের জন্য নিজেরাই বই সাজিয়ে বসেন।
অনুবাদের বইয়ের চাহিদা ভালো
এবারের মেলায় দেশীয় লেখকদের সৃজনশীল গ্রন্থের পাশাপাশি অনুবাদের বইগুলো ভালোই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন প্রকাশকেরা। তবে নতুন অনুবাদক তৈরি না হওয়ায় অনুবাদ গ্রন্থের সংকটের কথাও জানান তাঁরা।
অনুবাদ গ্রন্থগুলো বেশি বিক্রি হচ্ছে প্রথমা, অ্যাডর্ন, অঙ্কুর প্রকাশনী, ঐতিহ্য ও ইউপিএলের স্টলগুলোতে। অন্য স্টলগুলোও পিছিয়ে নেই। কার্লোস ফুয়েন্তেস ব্লাদ গ্রন্থটি এনেছে প্রথমা প্রকাশন। এটি অনুবাদ করেছেন আলীম আজিজ।
মেলায় সবচেয়ে বেশি অনুবাদের বই এনেছে অঙ্কুর। এ প্রতিষ্ঠানে রয়েছে নেলসন ম্যান্ডেলার লং ওয়াক ফর ফ্রিডম ও আ পোর্ট্রেট ইন ওয়ার্ডস অ্যান্ড পিকচারস্্ ; মাহাথির মোহাম্মদের করভারসেশন উইথ মাহাথির ইত্যাদি। অ্যাডর্ন এনেছে কবির চান্দের আমার বাবা রবীন্দ্রনাথ ও দাদীমার হরফশেখাসহ বেশ কয়েকটি বই। ইউপিএল প্রকাশিত নতুন অনুবাদ বইয়ের মধ্যে রয়েছে আবু জাফর অনূদিত ট্রেন টু পাকিস্তান, সিরাজুল রহমানের আন্তন চেখভের নাটক ইত্যাদি। অ্যাডর্ন এনেছে মনোয়ারা ইলিয়াসের ‘পূর্ব এশিয়ার কবিতা’ । ঐতিহ্য স্টলে অন্যান্য বইয়ের পাশাপাশি রয়েছে ছয়টি নতুন বই। মাওলা ব্রাদার্স এনেছে মোস্তফা হারুন অনূদিত নির্বাচিত উর্দু গল্প এবং মান্টো ও কালো শেলোয়ার এবং নাজিব ওয়াদুদ অনূদিত বিশ্বসেরা ছোট গল্প। জাগৃতি এনেছে অনীশ দাস অপুর ভয় ও আতঙ্কের গল্প টেলস অব টেরর।
এসেছে ১৩৪টি নতুন বই
বাংলা একাডেমির তথ্যকেন্দ্র এবং সমন্বয় জনসংযোগ বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মেলায় মঙ্গলবার ১৩৪টি নতুন বই এসেছে। এর মধ্যে ইউপিএল এনেছে আব্দুল কাইয়ুমের বিজ্ঞানের রাজ্যে আরও প্রশ্ন, বেঙ্গল পাবলিকেশন্স এনেছে আবুল মনসুরের জয়নুল আবেদিন, শিকড় এনেছে আল মাহমুদের এ কি অশ্রু এ কি রক্ত, সৃজনী এনেছে আব্দুল্লাহ আল মাহমুদের আবার দেখা যদি হল, চন্দ্রাবতী এনেছে জাহীদ রেজা নূরের শৌনক আর হাফ রাশান ইভানের অ্যাডভেঞ্চার, গ্রন্থকানন এনেছে শাহজাহান আবদালীর কাব্যরাণী, সাহস পাবলিকেশন্স এনেছে আবিদ আজমের একটা ছড়া লুকিয়ে ছিল মায়ের আঁঁচল তলে ইত্যাদি।