অনুবিদ্ধ কালবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

সমস্বরে আজানের ধ্বনি ভেসে আসছে। গুটি গুটি পায়ে মেঘদল ভেসে যায়। ঠিক উত্তর-পশ্চিমে একটি বাদুড় উড়ে গেল। একটি–দুটি করে মোট সাতখানা নারকেলগাছ ঠায় দাঁড়িয়ে আছে একটু দূরেই। বারান্দায় উপচে পড়া নয়নতারার দলও নারকেলপাতার দুলুনির দিকে তাকিয়ে। নয়নতারা আমাকে উপেক্ষা করলেও ঝিরিঝিরি বাতাস আমাকে টোকা দিয়ে যাচ্ছে মাঝেমধ্যেই। প্রকৃতি চাইলেই মানুষকে ছুঁতে পারে কিন্তু মানুষ চাইলেই প্রকৃতিকে ছোঁয়ার অধিকার রাখে না। তাই প্রকৃতির এটুকু দানেই সই। ওপরে চাঁদ আর নিচে সোডিয়াম বাতির জ্বলজ্বলে নগ্ন কথোপকথনে, না–হওয়া ভোরগুলো আমার হতে থাকে আর আমার চোখগুলো থাকে অপেক্ষায়। এক সুস্থ পৃথিবীর স্বাভাবিক আলোড়নের অপেক্ষায়।

জীবন অনিশ্চিত, মানুষের জীবনের পরতে পরতে অনিশ্চয়তা। ১৩ মার্চ রাত দশটায় বাড়ি ফেরার সময়, বাসের জানালা দিয়ে রাস্তার হলুদ আলোগুলো দেখছিলাম আর ভাবছিলাম, দিনটা বেশ ভালোই কাটল। তখনো জানতাম না কোন অনুবিদ্ধ কালবেলার পলিতে আটকে যাচ্ছি। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্লাস, ক্লাবের কাজ, ম্যাগাজিনের কাজ, টিউশনি, এই ক্যাম্প, ওই ইভেন্ট—এত কিছুর ভিড়ে দম নেওয়ার ফুরসত ছিল না। চরকির মতো ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে পড়লাম, ডাক্তার বেডরেস্ট দিয়ে দিলেন তিন দিনের। এ জন্য একদিন ভার্সিটি যেতে পারলাম না। সেদিনই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল।

আম্মু আর ছোট বোন অবশ্য বেজায় খুশি। কেননা বহুদিন পর আমি সারা দিন বাসায় থাকব। খবরটা শুনেই আম্মু বলে উঠলেন, ‘তোমার প্রতিদিনের রুটিন দেখে তো আমারই হয়রান লাগত। শুক্র-শনিবারও নিস্তার নেই। এবার বেশ ভালো হইছে বাসায় বসে থাকো।’
বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর মহাকালের অতল ছেঁকে ছোটবেলার সময়গুলো বের করে আনছিলাম। সকালে দেরি করে ঘুম থেকে উঠে ছোট বোনের সঙ্গে বসে কার্টুন দেখা আর মাঝরাত অবধি পূর্ণিমার তলায় বসে থাকার মতো সুন্দর সুন্দর সময়। দু–তিন দিন ভালোই কাটল। এরপর মনে পড়তে লাগল টিএসসির বিকেলগুলো, ৫টা ২০ মিনিটে বাসে বাড়ি ফেরার ব্যস্ততম সময়গুলো। কয়েক দিনের মধ্যেই দেশব্যাপী লকডাউন শুরু হওয়ায় আব্বু-আম্মুও সারা দিন বাসায়।

ঢাকা শহরের আর পাঁচটা ধুন্ধুমার ব্যস্ত পরিবারের মতোই আমার পরিবার। রাতের খাবার টেবিলেই শুধু চারজনের একসঙ্গে বসা হয়, গল্প হয়। বাদবাকি সময় সবাই যে যার কাজে ব্যস্ত। বুয়াকে ছুটি দেওয়া হয়েছে। তাই আমরা চারজন সারা দিন একসঙ্গে কাজ করছি। চারজনের টিম ওয়ার্ক অবশ্য খারাপ না, মাঝেমধ্যে বাসনে-বাসনে টোকাটুকি হয় এই যা। ইতিমধ্যেই ঘোষণা করা হলো ‘কুইজিন ফেস্টিভ্যাল’-এর আয়োজন করা হবে। চার দিন চারজন রান্না করবে। রান্নায় ব-কলম আমি বজ্রাহত পথিকের মতো দাঁড়িয়ে ছিলাম। আম্মু আর বোনের তুমুল সাহায্যে এ যাত্রায় বেঁচে গেলাম। অবশ্য ইউটিউবের কথা বলাই বাহুল্য। এই কুইজিন ফেস্টিভ্যাল আমাদের চারজনকে আরও কাছে এনে দিল। একজন রান্না করলে বাকি তিনজন যারপরনাই সাহায্য করত। সবাই একসঙ্গে গল্প করছে, হাসছে। এই একসঙ্গে হাসবার দিনগুলো কখনো ফিরে আসবে, তা অভাবনীয় ছিল।
অনিয়মের নিয়মিত জীবন সত্যি কথা বলতে খারাপ যাচ্ছিল না। জীবনে বেঁচে থাকতে হলে যে বেশি কিছুর তেমন প্রয়োজন পড়ে না, তা ক্রমেই বুঝতে পারছিলাম। জীবনে মানুষের ভিড় যত কম, তত নিশ্বাস নেওয়া সুবিধার হয়। এই মহামারির সময়ে মাথার ওপর ছাদ, তিনবেলা ভরপেট খাওয়া, মা-বাবা-বোন আর দু-তিনজন কাছের বন্ধু পাশে আছে, সুস্থ আছে, এই ভেবেই নিজেকে কতটা আশীর্বাদতুষ্ট মনে হচ্ছিল, তা বলার অপেক্ষা রাখে না। তবে বিপত্তি ঘটল তখনই, যখন আমার চশমাটা ভাঙল। চশমার অভাবে মনে হচ্ছিল, কিছু দেখছি তো না-ই, কিছু শুনতেও পারছি না, বুঝতেও পারছি না, খাবারের স্বাদও পাচ্ছি না, এক অনুভূতিহীন অবস্থা। তখন কেবলই মনে হচ্ছিল, আমি কতটা অসহায়! এই অসহায়ত্ব আমাকে কুরে কুরে খাচ্ছিল। পরদিন আমার বোন পুরোনো কম পাওয়ারের একটা চশমা খুঁজে দেওয়ায় দেড় মাস কোনো মতে দেখে, না দেখে পার করলাম। পুরোনো চশমাও একদিন ভেঙে যাওয়ায় চক্ষু হাসপাতালে যাওয়া ছাড়া কোনো উপায় থাকল না। আশপাশের সব দোকান, হাসপাতাল বন্ধ থাকায় খামারবাড়ি দৌড়াতে হলো। অর্ধেক রিকশায়, অর্ধেক হেঁটে হাসপাতালে গেলাম। ঈদের কয়েক দিন আগে নতুন চশমায় দুনিয়াকে স্পষ্ট দেখতে পেয়ে যে কী ভীষণ খুশি হয়েছিলাম! মানুষ নিজের অসহায়ত্ব মেনে নিতে পারে না অথচ প্রকৃতির কাছে মানুষই সবচেয়ে বেশি অসহায়।
ধীরে ধীরে অলস দুপুরের গন্ধ স্পষ্ট হয়ে উঠল। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের অনলাইন সাহিত্য পত্রিকা ‘প্যাপাইরাস’-এর সঙ্গে জড়িত থাকায়, টুকটাক কাজ করে দিন কাটাচ্ছিলাম। তবুও অঢেল সময় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। হুজুগে মেতে এক ‘স্টার্টআপ ইনোভেশন কনটেস্ট’-এ যোগ দিলাম। সেটার কাজও শেষ হয়ে গেলে দেখলাম কোর্সের ফ্রি কোর্সের ব্যবস্থা করেছে। সেখানেও ঢুঁ মেরে এক-দুটি সার্টিফিকেট জোগাড় করে ফেললাম। তবু সময় কাটছে না। ভাবলাম বসে বসে প্রেমের উপন্যাস লিখি। বহুকাল পর কলমে আঙুল ছুঁয়ে বেশ উত্তেজনা কাজ করছিল ঠিকই কিন্তু উপন্যাস লেখার পূর্ব অভিজ্ঞতা না থাকায় সে ইচ্ছাও মরে গেল। বসে থেকে কী করব ভাবতে ভাবতেই ফেব্রিক পেইন্টিংয়ের কথা মাথায় এল। বাসায় একটা ব্যাসিক হলুদ রঙের চাদর ছিল। সেটা নিয়েই বসে পড়লাম। বাইশ-তেইশ ঘণ্টা কাজের পর চাদরটা বেশ জুতসইও দেখাল।
মাঝে কয়েক দিন হিসাববিজ্ঞানেও গড়াগড়ি খেলাম ছোট বোনের উছিলায়। টুকটাক বই পড়লাম। অনলাইনে লেখালেখি প্রতিযোগিতার হিড়িক দেখে আর আমার বন্ধুর প্রচণ্ড ঠ্যালাঠেলিতে দু-তিনটা লেখাও পাঠালাম। তবে সবচেয়ে ব্যস্ততম সময় কেটেছে রোজার দিনগুলোতে। অন্যান্য রান্নায় অপারগ এবং বিরক্ত হলেও এই আনপেইড ইন্টার্নশিপ আমার বিশেষ পছন্দের। এর পাশাপাশি আম্মু আলটিমেটাম দিয়ে দিলেন, এই রমজানে আমাকে কোরআন খতম দেওয়াই লাগবে। জীবনে প্রথমবার এক বসায় এক পারা কোরআন পড়ে খুশিতে রীতিমতো টগবগ করছিলাম। যদিও শেষমেশ খতমটা দেওয়া হয়নি। আম্মু আলটিমেটাম বর্ধিত করেছিলেন বলে রক্ষা। এই প্রথম ৩০টা সাহরি আর ইফতারে চারজনের চেহারাই একসঙ্গে খাবার টেবিলে জ্বলজ্বল করছিল। আর কখনো এই একসঙ্গে থাকার সময়গুলো ফিরে আসবে কি না জানি না।
মানুষের বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজের কাছেই কিছু শব্দের অর্থ ক্রমেই পাল্টাতে থাকে। তেমনি ঈদের অর্থও আমার কাছে পাল্টে গেছে বেশ কিছুদিন হলো। কয়েক বছর ধরে আমার কাছে ঈদ মানে বাড়ি যাওয়া। প্রচণ্ড গরম, মাথার ওপর পায়ের নিচে মানুষ গিজগিজ করছে, একরকম বীভৎস ট্রেনভ্রমণ শেষে জামালপুর স্টেশনে নামামাত্রই সোদক গন্ধ মিশ্রিত বাতাসের যে ঝাপটা আমাকে ছুঁয়ে যায়, সেই টুকরা সময়টুকুই আমার ঈদ। এবার সেই ঈদ ঢাকাতেই ঢাকা পড়ে গেল।
সব বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন যখন মোবাইল স্ক্রিনে আটকে গেল, তখন ক্রমেই জীবন অনলাইননির্ভর হয়ে উঠল। কিন্তু প্রায় তিন মাস যাওয়ার পর মোবাইলের স্ক্রিনে মানুষগুলোর অস্তিত্বের থেকেও বাস্তবে তাদেরকে ছুঁয়ে দেখার ইচ্ছে, আকাঙ্ক্ষা এক মরুভূমির সৃষ্টি করে। এখন ফাঁকা মরুভূমিতে বালুঝড় হয় ভীষণ, থামাতে পারি না।
কিছু সময় বাঁচার জন্য বাঁচতে হয়, বাঁচার মতো করে বাঁচার সুযোগ প্রকৃতি আমাদের থেকে কেড়ে নেয়। বাঁচার জন্য বেঁচে যাচ্ছি, এ*ই কালবেলা শেষে কোনো শুদ্ধ সকালে একমুঠো রোদ আর রক্তগোলাপ কিনব বলে।
* শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। [email protected]