অনুমতি আনলেন ব্যবসায়ী অন্যদের দখলে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির শেখ জামাল ক্লাব মাঠের পূর্ব পাশে রাজশাহীর আমের মেলা করার অনুমতি এনেছিলেন এক ব্যবসায়ী। কিন্তু তাঁর এই মেলার জায়গা দখল করেছে ছাত্রলীগ।শেখ ইসমাইল চিশতি নামের ওই ব্যবসায়ীর অভিযোগ, তিনি ওই এলাকায় মেলা করার জন্য ঢাকা সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতি এনেছিলেন। এরপর পুলিশের কাছ থেকেও অনুমতি আনেন। নেন বিদ্যুৎসংযোগ। কিন্তু ছাত্রলীগের ছেলেরা তাঁর কাছে সেখানে মেলা করার জন্য ১২ লাখ টাকা দাবি করে। তিনি ওই টাকা দিতে না পারায় ছাত্রলীগের ছেলেরা অন্য ব্যবসায়ীদের নিয়ে মেলা করছে।ইসমাইল চিশতির বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তাঁর দাবি, ঢাকার বেশির ভাগ স্থানে রাসায়নিকযুক্ত আম বিক্রি হয়। তাই কয়েক বছর ধরে তিনি ঢাকায় রাসায়নিকমুক্ত আমের মেলা করছেন। এরই ধারাবাহিকতায় এবারও মেলা করার উদ্যোগ নেন।ইসমাইল হোসেন বলেন, ‘গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ধানমন্ডির শেখ জামাল ক্লাবের পূর্ব পাশের ফুটপাতসংলগ্ন পরিত্যক্ত ১৫০০ বর্গফুট জায়গায় মেলা করার জন্য ডিসিসি দক্ষিণ থেকে গত ৮ মে অনুমতি আনি। এ জন্য ডিসিসিতে সাড়ে ১৭ হাজার টাকা জমা দিই। এরপর ৮০ হাজার টাকা দিয়ে সেখানে বিদ্যুৎসংযোগ নিই। ক্লাবের অনুমতি নেওয়াসহ সব প্রক্রিয়া শেষ করার পর ছাত্রলীগের ধানমন্ডি থানার সভাপতি তুহিন ভাইসহ অন্য নেতারা আমাকে বলে, এখানে ব্যবসা করতে হলে ১২ লাখ টাকা দিতে হবে। আমি ছয় লাখ টাকা দিতে রাজি হই।’ ডিসিসির কর্মকর্তারা জানিয়েছেন, গত ৮ মে ওই জায়গায় রাজশাহী আমের মেলা করার অনুমতি দেওয়া হয়েছে শেখ ইসমাইল হোসেনকে। তাঁকে দুই মাসের জন্য এ মেলা করার অনুমতি দেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি সুজাউদ্দিন তুহিন বলেন, ‘এটি সত্যি, এখানে মেলা করার অনুমতি এনেছেন ইসমাইল ভাই। বিদ্যুতের লাইনও তিনি এনেছেন। তবে এখানে তিনি মেলা করছেন, নাকি অন্য কেউ করছে, সেটি আমাদের জানা নেই।’ টাকা লেনদেনের মাধ্যমে অন্য ব্যবসায়ীদের ব্যবসা দেওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কারও কাছ থেকে টাকা নিইনি। এটি ভিত্তিহীন।’