অনুমতি ছাড়াই কেন্দ্রে আ. লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিয়ার বিরুদ্ধে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি না নিয়ে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, আজ মঙ্গলবার সকালে লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ঢুকে তিনি তাঁর পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেন। 
নাম প্রকাশ না করে ওই কেন্দ্রে ভোট দিতে আসা একাধিক প্রত্যক্ষদর্শীর দেওয়া ভাষ্য, লাটিম প্রতীক নিয়ে নির্বাচনে লড়া দেলোয়ার সকাল সাড়ে নয়টার দিকে ওই কেন্দ্রে প্রবেশ করেন।
ওই ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, দেলোয়ার ভোটকেন্দ্রে ঢুকে প্রতিটি কক্ষে গেছেন এবং তাঁর পোলিং এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ওই ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা একেএম মঈনউদ্দিন বলেন, তিনি কোনো প্রার্থীকে ঢুকতে দেখেননি। কোনো প্রার্থী তাঁর কাছে কেন্দ্রে প্রবেশের জন্য অনুমতিও চাননি। তবে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন। নিয়মানুযায়ী তাঁরা কারও সঙ্গে কথা বলতে পারবেন না বলেও জানান ওই কর্মকর্তা।
অনুমতি না নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের ব্যাপারে জানতে চাইলে দেলোয়ার হোসেন মিয়া বলেন, তিনি শুধু কেন্দ্রে পর্যবেক্ষণ করছেন।