অনুমতি ছাড়াই ইটভাটা নির্মাণ চলছে, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামে ৮০ কাঠা কৃষিজমিতে ইটভাটা তৈরি করা হচ্ছে। এর প্রতিবাদে গত শুক্রবার বিকেলে সদর উপজেলার বন্দেসরস্বতী, রূপাখালী, পুটিয়ালী ও কোকিল গ্রাম এবং মুক্তাগাছা উপজেলার তারাটি ও কান্দুলীয়া গ্রামের কয়েক শ নারী-পুরুষ নির্মাণাধীন ওই ইটভাটার সামনে মানববন্ধন করেন।ইটভাটার নির্মাণকাজ বন্ধের দাবিতে এর আগে গত বৃহস্পতিবার কোকিল গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক বাসিন্দা ও কৃষক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল শনিবার কোকিল গ্রামে গেলে নির্মাণাধীন ইটভাটার আশপাশে অনেক বাড়ি ও বিস্তীর্ণ এলাকাজুড়ে আমন ধানের চারা দেখা যায়। কৃষকেরা জানান, এখানে ইটভাটা হলে এলাকার ৩০০ একর দ্বিফসলি কৃষিজমি আবাদের অনুপযোগী হয়ে পড়বে। এতে কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের জীবন-জীবিকা ভীষণ ক্ষতিগ্রস্ত হবে।এলাকাবাসী ও জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপি সূত্রে জানা যায়, সদর উপজেলার খাগডহর ইউনিয়নের বাসিন্দা ঠিকাদার মো. শাহাবুদ্দীন বাবুল সৌদি আরব ফেরত স্থানীয় মো. হজরত আলীকে সঙ্গে নিয়ে অংশীদারির ভিত্তিতে চার মাস আগে কোকিল গ্রামের ৮০ কাঠা কৃষিজমি ১০ বছরের জন্য বন্দক নেন। দেড় মাস আগে সেখানে ইটভাটার চিমনি তৈরির কাজ শুরু হয়।কোকিল গ্রামের প্রবীণ মুক্তিযোদ্ধা মুনসুর আলী ও মুক্তিযোদ্ধা নছিম উদ্দিন বলেন, ‘ইটভাটার জন্য যাঁরা জমি দিয়েছেন, আশপাশে তাঁদের কারোরই বাড়ি নেই। কিন্তু আমরা ছেলেমেয়ে নিয়ে এ জমি চাষ করেই বেঁচে আছি। ইটভাটা হলে আমাদের অনেক ক্ষতি হবে। রক্ত থাকতে এখানে ইটভাটা হতে দেব না।’রূপাখালী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আবদুর রশিদ বলেন, আবাদি জমিতে যদি ইটভাটা হয়, তবে আশপাশের কয়েকটি গ্রামের দুই শতাধিক কৃষক পরিবারের কয়েক হাজার মানুষ সমস্যায় পড়বে। ময়মনসিংহ জজ কোর্টের সহকারী সেরেস্তাদার ও কোকিল গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, ‘এলাকাবাসী এত দিন ভয়ে ইটভাটা নির্মাণের বিরোধিতা করেনি। কিন্তু এখন বেঁচে থাকার তাগিদে সবাই ঘর ছেড়ে বেরিয়ে আসছেন। এ জন্য ইটভাটার মালিকের লোকজন আমাদের হুমকি দিচ্ছে।’ইটভাটার অংশীদার ও ব্যবস্থাপক হজরত আলী জানান, প্রতি কাঠা জমির জন্য বছরে সাড়ে তিন হাজার টাকার চুক্তিতে ইটভাটার নির্মাণকাজ শুরু হয়েছে। ইট বানাতে আশপাশের গ্রাম থেকে মাটি আনা হচ্ছে। ইতিমধ্যে ১৩০ ফুট উঁচু চিমনির ৫৫ ফুটের কাজ হয়েছে। তিনি বলেন, ইটভাটা হলে পরিবেশের আবার কী ক্ষতি হবে, বরং এতে মানুষের কাজ করার সুযোগ বাড়বে।ঠিকাদার মো. শাহাবুদ্দীন বাবুল বলেন, ‘স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যের অনাপত্তিপত্র নিয়ে কাজ শুরু করেছি। চিমনি নির্মাণ করে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও জেলা প্রশাসনের কাছে লাইসেন্স চাইব। এখন পর্যন্ত কাউকে জানাইনি।’ কাউকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে শাহাবুদ্দীন বলেন, কয়েক ব্যক্তির অভ্যন্তরীণ কোন্দলকে পুঁজি করে মানববন্ধনের নাটক করা হয়েছে।এ ব্যাপারে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া বলেন, ‘ইটভাটা করার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার জন্য আবেদন করতে হবে। ছাড়পত্র পাওয়ার পর আমরা অনুমতি দেবে। কোকিল গ্রামে ইটভাটার জন্য কেউ আমাদের কাছে আসেনি। তারা কাজ শুরু করে কীভাবে?’ জেলা প্রশাসক জানান, বিষয়টি খোঁজ নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।