জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই খাসজমিতে ইট তৈরির কারখানা করেছে প্যাসিফিক মেরিন সার্ভিস নামে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। ইট তৈরিতে ব্যবহূত হচ্ছে কর্ণফুলী নদী ড্রেজিং করে তোলা মাটি। অথচ তা দিয়ে নদীর তীরে সড়ক তৈরির কথা ছিল।কর্ণফুলী নদীর শাহ আমানত তৃতীয় সেতুর উত্তর পাশে ‘প্যাসিফিক মেরিন সার্ভিস অটো ব্রিকস প্ল্যান্ট’ নামের ইটভাটা স্থাপন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্যাসিফিক মেরিন গত ৪ এপ্রিল জেলা প্রশাসন কার্যালয়ে ‘পরিবেশসম্মতভাবে’ ইট তৈরির কারখানা স্থাপনের অনুমোদনের জন্য আবেদন করে। জেলা প্রশাসন মতামত দেওয়ার আগেই ইটভাটা উদ্বোধন করা হয়। ২৭ মে এটি উৎপাদন শুরু করে।প্যাসিফিক মেরিনের আবেদনক্রমে নয়টি শর্তসাপেক্ষে ওই জমিতে শুধু ড্রেজিং করা মাটি বা বালু ফেলার অনুমোদন দিয়েছিল জেলা প্রশাসন। একটি শর্ত ছিল যে কোনো বাণিজ্যিক কাজে জমি ব্যবহার করা যাবে না। জেলা প্রশাসন ইট পোড়ানোর আবেদন নাকচ করে গত ২৭ জুন এক চিঠিতে প্যাসিফিক মেরিনকে বলে দেয়, আইন অনুযায়ী সংশ্লিষ্ট স্থানে ইটভাটার লাইসেন্স দেওয়ার অবকাশ নেই। কারণ তা খাসজমি।চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক খালেদ মামুন প্রথম আলোকে বলেন, সরকারি জমিতে ইটভাটা করলে অবশ্যই জেলা প্রশাসকের ছাড়পত্র লাগবে। কিন্তু অনুমতি না দেওয়া হলেও তারা ইটভাটা করেছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশনের সঙ্গে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য চুক্তি হয়। তাদের স্থানীয় ঠিকাদার প্যাসিফিক মেরিন সার্ভিস ড্রেজিং করে তোলা মাটি দিয়ে ইট তৈরির জন্য ওই প্রকল্প পরিচালকের কাছেও আবেদন করেছিল। কিন্তু বিষয়টি চুক্তিতে না থাকায় অনুমতি দেওয়া হয়নি।১৭ সেপ্টেম্বর সংসদের প্রশ্নোত্তর পর্বের জন্য প্রস্তুত ভূমিমন্ত্রী মো. রেজাউল করিমের লিখিত জবাবে উল্লেখ করা হয়, পরিবেশ ছাড়পত্র, চট্টগ্রাম বন্দরের পত্র এবং সিটি করপোরেশনের অনুমতি নিয়ে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ইট তৈরির কারখানা স্থাপন করা হয়েছে। প্যাসিফিক মেরিন সার্ভিসের ব্যবস্থাপক মো. আবু নাসের চৌধুরী বলেন, ‘স্বল্প সময়ের জন্য ইটভাটা স্থাপন করা হয়েছে। প্রকল্প শেষ হলেই এখান থেকে প্ল্যান্ট উঠিয়ে নেব।’এদিকে জেলা প্রশাসন ২৭ জুন আবেদন লিখিতভাবে নাকচ করলেও প্যাসিফিক মেরিন এখনো বলছে, তারা অনুমতির জন্য অপেক্ষা করছে। স্বত্বাধিকারী আবু জাফর মো. সালেহ বলেন, ‘আমরা বন্দরের জায়গা বলে জানতাম। এখন জেলা প্রশাসন বলছে, এটা সরকারি খাসজমি। তাই আমরা জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি।’স্থানীয় সাংসদ (চট্টগ্রাম-৮) নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘এ বিষয়ে আমি অনেকবার সংসদে কথা বলেছি। ভূমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। কিন্তু কেউই জমি উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি।’ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্যাসিফিক মেরিন সার্ভিস অনেক বড় অন্যায় করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।