অনুমতি ছাড়াই গাছ কাটার জন্য চিহ্নিত করেছে সওজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে কয়েক হাজার অপরিণত গাছ কেটে ফেলার জন্য চিহ্নিত করেছে সড়ক বিভাগ। নিয়ম অনুযায়ী সরকারি-বেসরকারি গাছ কাটার জন্য চিহ্নিত করার আগে বন বিভাগের অনুমতি লাগবে। কিন্তু বন বিভাগ এ বিষয়ে কিছুই জানে না।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বরিশাল কার্যালয় থেকে জানা যায়, বরিশাল-ভোলা মহাসড়কে সামাজিক বনায়নের অধীনে ২৩ বছর আগে গাছ লাগানো হয়। নিয়ম অনুযায়ী, ৩০ বছর পর ওই গাছ কাটা যাবে। এরপর মোট গাছ বিক্রি টাকার অর্ধেক পাবে সওজ। আর যারা লাগিয়েছে এবং রক্ষণাবেক্ষণ করেছে, তারা পাবে বাকি অর্ধেক।
বন বিভাগ বরিশাল বিভাগের কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, সরকারি-বেসরকারি গাছ কাটার জন্য চিহ্নিত করতে আগে বন বিভাগের অনুমতি লাগবে। তা ছাড়া কোনো সড়কের অপরিণত কিংবা শতভাগ গাছ কাটা যাবে না। সামাজিক বনায়ন বা ব্যক্তিমালিকানার গাছ কাটতে হলে বনজ দ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১১ অনুযায়ী বন বিভাগের অনুমতি নিতে হবে। কিন্তু গাছ চিহ্নিতকরণের বিষয়ে বন বিভাগকে কিছুই জানানো হয়নি বলে জানান এই কর্মকর্তা। বন বিভাগ পরিদর্শন শেষে বিক্রির উপযুক্ত গাছ চিহ্নিত করবে। এরপর মূল্য নির্ধারণ করে গাছ কাটা হবে।
সরেজমিনে দেখা গেছে, বরিশাল-ভোলা মহাসড়কের কাউয়ারচর এলাকা থেকে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত সড়কের দুই পাশে থাকা ছোট-বড় কয়েক হাজার গাছের বাকল তুলে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এসব গাছের বেশির ভাগই অপরিণত। অনেকটা বাঁশের মতো সরু এসব গাছ বিক্রি করার জন্যই সড়ক বিভাগের পক্ষ থেকে চিহ্ন দেওয়া হয়েছে। ওই সব গাছের মধ্যে অধিকাংশ মেহগনি। এ ছাড়া রেইন ট্রি, চাম্বল ও আকাশমণি গাছও আছে।
সড়কের চরকাউয়া এলাকার আইয়ুব আলী মিয়া বলেন, ‘সরকারি লোকজন আইয়া বেবাক (সব) গাছে মার্কিং কইর্যাশ থুইয়া গেছে। হুনছি ওই সব গাছ বেচার জন্য জন্যই দাগ দেওয়া হইছে।’
সড়কের দিনারের পুল এলাকার ব্যবসায়ী সুমন ব্যাপারী বলেন, ১৫ দিন আগে সওজের লোকজন এসে কাউয়ারচর বাসস্ট্যান্ড থেকে চিহ্ন দেওয়ার কাজ শুরু করে।
সওজ বরিশালের নির্বাহী প্রকৌশলী খালেদ সাহেদ বলেন, ‘বরিশাল-ভোলা মহাসড়কে গাছে চিহ্ন দেওয়া শুরু হয়েছে। যাঁরা গাছ লাগিয়েছেন, তাঁরাই গাছ কাটার জন্য অনুরোধ করেছেন। এখন গণনা করার জন্য চিহ্ন দেওয়া হচ্ছে। আর গাছ চিহ্নিত করার জন্য বন বিভাগের অনুমতির প্রয়োজন নেই। যখন গাছ কাটা হবে, তার আগে অনুমতি নেওয়া হবে।’