অনুমতি ছাড়াই ছয় কিলোমিটার সড়কের গাছ বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ইউনিয়ন পরিষদের অনুমতি ছাড়াই ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজার-শরীফ খাঁ বাড়ি মাছঘাট পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের দুই পাশের গাছ বিক্রি করে দিয়েছে জাতীয় বন্ধুজন পরিষদ নামের একটি স্থানীয় সংগঠন। ক্রেতারা গাছ কেটে নেওয়ার জন্য সড়কের মধ্যে বড় বড় গর্ত করায় ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, গাছ ক্রেতাদের শ্রমিকেরা গাছের গোড়া তুলতে ওই সড়কে বড় বড় গর্ত করছেন। ফলে সড়কের মধ্যে খানাখন্দ সৃষ্টি হচ্ছে। ভেলুমিয়া আইডিয়াল কলেজের প্রভাষক মো. ইব্রাহীম অভিযোগ করেন, ভেলুমিয়া বাজার-শরীফ খাঁ বাড়ি মাছঘাট সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। এখন গাছের গোড়া তুলে নেওয়ার জন্য বড় বড় গর্ত করায় পথচারীরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হবে। ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান বাদশা বলেন, জাতীয় বন্ধুজন পরিষদ ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে সড়কের দুই পাশে গাছ লাগিয়েছিল। কিন্তু সে গাছ বড় হওয়ার পর পরিষদের অনুমতি ছাড়াই বিক্রি করে দিয়েছে। তাদের পাওনা কমিশনের অর্থও দেয়নি। এখন ক্রেতারা সড়ক গর্ত করে গাছ কেটে নিয়ে যাচ্ছেন। এতে পথচারীরা ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাবে। এলজিইডির সদর উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. আবদুস সালাম বলেন, গাছ কাটার জন্য তাদের কোনো অনুমতি দেওয়া হয়নি। সড়ক গর্ত করে গাছ কাটার কোনো বিধান নেই। জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস জানান, গাছের মালিক বন্ধুজন পরিষদ। কিন্তু সড়কে গর্ত করে গাছ কাটার বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বিষয়টি দেখে ব্যবস্থা নেবেন।