অনুমতি ছাড়াই দুটি বিপণিবিতান নির্মাণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অনুমোদন না নিয়ে চট্টগ্রাম নগরে দুটি বিপণিবিতান নির্মাণ করছে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এ জন্য সমিতিকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। জবাবে সমিতি ‘জনকল্যাণমূলক’ এ কাজে বাধা না দিয়ে সহযোগিতা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমিতির চেয়ারম্যানকে উন্নয়ন কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়, ‘ইমারত আইনের ৩বি ধারা মোতাবেক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আপনারা অবৈধভাবে বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, ইতিমধ্যে একটি বিপণিবিতানের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এ ভবনের নির্মাণকাজ বন্ধ আছে। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অপর বিপণিবিতানের নির্মাণকাজ অব্যাহত আছে। গতকাল সকালে পাঁচজন শ্রমিক নির্মাণাধীন ওই ভবনের মাটি পরিষ্কার করেন। বিপণিবিতানটিতে ১০টি দোকান থাকবে বলে সমবায় সমিতি সূত্রে জানা গেছে। গতকাল পর্যন্ত চারটি দোকানের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে সমবায় সমিতি গত ২১ এপ্রিল চউকের নোটিশের জবাব দেয়। সমিতির মহাব্যবস্থাপকের সই করা চিঠিতে বলা হয়, ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শুরু থেকে সমিতির স্থাপনাদি নির্মাণ করা হয়ে আসছে এবং এ জন্য কখনো চউকের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। কাজেই ৫০ বছরের ধারাবাহিকতায় এবার ভবন নির্মাণের জন্য চউকের অনুমতি গ্রহণের বিষয়ে ভাবেনি সমিতি। এ দীর্ঘ সময়ে এই ধরনের কোনো বাধারও সম্মুখীন হয়নি। তাই সমবায় সমিতির জনকল্যাণমূলক কাজে বাধা না হয়ে সহায়তা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমবায় অধিদপ্তরের অধীনে এই সমবায় সমিতির কার্যক্রম পরিচালিত। সমিতি ১৯৬৩-৬৩ সালে চট্টগ্রাম বন্দর থেকে ২ দশমিক ৬১ একর জায়গা ইজারা নেয়। পরে এই জায়গায় মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, হিমাগার, বরফকল, মেরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও ৬০টি মৎস্য স্টল নির্মাণ করে।
প্রকৌশলী মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, নগরে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে চউকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু সমিতি এর কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি। এ প্রসঙ্গে সমিতির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আমির হোসেন বলেন, ‘পুরোনো ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় অপসারণ করতে হয়েছে। আসলে ভবন নির্মাণে আমাদের আগে কোনো ধরনের অভিজ্ঞতা ছিল না। তাই এই ধরনের ভুল হয়ে গেছে। তবে এখন অনুমোদন নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছি।’