অনুমতি ছাড়াই বাস সার্ভিস চালু
সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই বাস নামালেন বিতর্কিত কাউন্সিলর নূর হোসেন। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পর্যন্ত চলাচলকারী এ বি এস পরিবহন নামের একটি বাস সার্ভিস গত শুক্রবার থেকে চালু হয়েছে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে শুক্রবার সকালে পরিবহনটির উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। পরিবহনটির চেয়ারম্যান নূর হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি। অনুমতি ছাড়াই তিনি সিটি করপোরেশনের রাস্তা, ফুটপাত অবৈধভাবে দখল করে যাত্রীছাউনিতে টিকিট কাউন্টার বানিয়েছেন। নূর হোসেন আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানের দলীয় মনোনয়ন গত বুধবার নিশ্চিত হওয়ার পরপরই শুক্রবার এই পরিবহনটি চালু করলেন নূর হোসেন।
পরিবহনটির উদ্বোধনী অনুষ্ঠানে শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তিন মাস ধরে এ বাস সার্ভিস চালুর প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় এটির বিরুদ্ধে গত ৪ নভেম্বর জনস্বার্থে নুরুল ইসলাম খান বাদী হয়ে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে একটি মামলা করেন। আদালত মামলার শুনানি শেষে ১০ নভেম্বর এ ব্যাপারে ৩০ দিনের মধ্যে কারণ দর্শাতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সওজের নির্বাহী প্রকৌশলী, ট্রাফিক পুলিশের পরিদর্শক, বিআরটিএর সহকারী পরিচালকের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
জেলা প্রশাসক ও আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভাপতি মনোজ কান্তি বড়াল জানান, এ বি এস পরিবহনের চলাচলের ব্যাপারে আরটিসি অনুমোদন দিয়েছে। বিতর্কিত কাউন্সিলর নূর হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে।