অনুমতি ছাড়াই বিদ্যালয়ের মাঠে সার্কাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের অনুমতি না নিয়েই নরসিংদীর বেলাব বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মাসব্যাপী সার্কাসের আয়োজন করা হয়েছে। আজ রোববার সার্কাসের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। আর সার্কাস চালু হলে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হবে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।জেলা প্রশাসক ওবায়দুল আজম বলেন, ‘সার্কাসের অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। তবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্ত করে দেখতে বলা হয়েছে। অনুমতি পাওয়ার আগে বিদ্যালয়ের মাঠে একটি খুঁটিও যেন না লাগে, সেই নির্দেশও দেওয়া হয়েছে।’গতকাল শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের মাঠজুড়ে প্যান্ডেলের কাজ শেষ হয়েছে। দ্য নিউস্টার সার্কাস নামের একটি দল প্যান্ডেলের কাজ করেছে। সার্কাস দলের শাহিন মিয়া জানান, ‘বেলা দুইটা থেকে শো (প্রদর্শনী) শুরু হবে। প্রতিদিন তিনটি শো হবে।’শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি। তিনিই বিদ্যালয় মাঠে সার্কাসের আয়োজনের উদ্যোগ নেন। এ বিষয়ে শিক্ষকেরা আপত্তি জনিয়েছিলেন। তবে তিনি শিক্ষকদের মতামত আমলে নেননি।শিক্ষার্থীরা জানায়, ১০ দিন আগে থেকে সার্কাসের প্যান্ডেল নির্মাণ শুরু হয়। আর প্যান্ডেল নির্মাণ শুরুর দিন থেকেই স্বাভাবিক পাঠদান ব্যাহত হতে শুরু করে। পাশাপাশি তারা খেলাধুলাও করতে পারছে না। শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, এক সপ্তাহ ধরে বিদ্যালয়ে ভালোভাবে পাঠদান হচ্ছে না। বিকেল চারটায় ছুটি হওয়ার কথা থাকলেও হচ্ছে দুইটার আগে। পাঠদানও করা হয় ১০ মিনিট করে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আগামী ৬ অক্টোবর জেএসসি ও দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শুরু হবে। এ সময় শিক্ষকদের কাছ থেকে বাড়তি পরামর্শের প্রয়োজন। সার্কাসের কারণে তা হচ্ছে না। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিন সার্কাস শুরুর দুই ঘণ্টা আগে থেকেই দর্শনার্থীর সমাগম ঘটবে। কাজেই শিক্ষার্থীদের ক্লাস করার কোনো সুযোগ থাকবে না। এ ছাড়া সার্কাসস্থলের আশপাশে রয়েছে দুটি মাদ্রাসা, তিনটি উচ্চবিদ্যালয়, তিনটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি কিন্ডারগার্টেন ও একটি কলেজ। কিন্তু প্রদর্শনী চলার সময় মাইকের উচ্চ শব্দের কারণে সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান-প্রক্রিয়া ব্যাহত হবে।বেলাব বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিয়া ইয়াসমিন প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সিদ্ধান্তেই বিদ্যালয় মাঠে সার্কাস হচ্ছে। এতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হলেও কিছু করার নেই।এ বিষয়ে বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে শমসের জামানের সার্কাস আয়োজনের সহযোগী উপজেলার সররাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) তানভির আহমেদ বলেন, আয়োজনের পেছনে শিক্ষকদের অনুমতি আছে। আর লাভের একটা অংশ বিদ্যালয়ের তহবিলেই যাবে।