মৌলভীবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ইসলামী ছাত্রশিবির প্রথম বর্ষ (সম্মান) শ্রেণীতে ভর্তি ইচ্ছুকদের মডেল টেস্ট নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার কলেজের শ্রেণীকক্ষ ব্যবহার করে এই মডেল টেস্ট নেওয়া হয়। তবে শিবিরের দাবি, অধ্যক্ষের অনুমোদন নিয়েই তারা মডেল টেস্ট নিয়েছে।কলেজের অধ্যক্ষ বেগম শামসুন্নাহার খান বলেন, ‘ছাত্রশিবির ১০ জানুয়ারি কলেজে মডেল টেস্টের জন্য অনুমোদন চেয়েছিল। আমি অনুমোদন দিইনি। শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল, তাই কলেজের কক্ষগুলো খোলা ছিল। এ সুযোগে তারা শ্রেণীকক্ষে ঢুকে গেছে।’ এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এ বি কবির আহমদ বলেন, ‘প্রিন্সিপাল স্যারের অনুমতি নিয়েই কলেজে মডেল টেস্ট নেওয়া হয়েছে। তিনি (অধ্যক্ষ) বলেছেন, মডেল টেস্ট নেওয়া তো ভালো। প্রাইমারি টিচারদের পরীক্ষা আছে। তোমরা পরীক্ষার পর হল ব্যবহার করে নিয়ো। আর এটা তো আমরা না শুধু, বিভিন্ন দল বিভিন্ন সময়ে কলেজে নানা অনুষ্ঠান করে থাকে।’ কবির আহমদ জানান, যারা কলেজে অনার্সে ভর্তি হতে ইচ্ছুক, তাদের নিয়ে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত মডেল টেস্ট নেওয়া হয়েছে। এতে ৪০০ ছাত্রছাত্রী অংশ নিয়েছে।