অনুমতি ছাড়াই সংরক্ষিত বনের গাছ কেটে রাস্তা সম্প্রসারণ
মৌলভীবাজারের জুড়ীতে সংরক্ষিত বন এলাকায় একটি কাঁচা রাস্তা সম্প্রসারণের জন্য কয়েকটি গাছ কাটা হয়েছে। বন বিভাগের অনুমতি না নিয়েই গাছগুলো কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাস্তা হলে গাছ চুরি বেড়ে যাবে বলে বন বিভাগের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের জুড়ী-১ রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বন এলাকার ভেতরে শুকনাছড়া থেকে হায়াছড়া গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সড়ক সম্প্রসারণ করার জন্য দুটি বড় সেগুনগাছ কাটা হয়েছে। এ ছাড়া ১০-১৫টি সেগুনগাছের গোড়ার মাটি সরানো হয়েছে। গত ২২ জানুয়ারি থেকে এই সম্প্রসারণের কাজ শুরু হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের আওতায় কাঁচা সড়ক সম্প্রসারণের একটি প্রস্তাব ৯ জানুয়ারি উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কমিটির সভায় অনুমোদন হয়। ওই কাজ সম্পন্নের জন্য ১৩ মেট্রিকটন খাদ্যশস্য (চাল) বরাদ্দ দেওয়া হয়। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ সড়ক সম্প্রসারণের কাজ করার সত্যতা নিশ্চিত করেছেন। গাছ কাটার জন্য অনুমতি চাওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বন বিভাগের কর্মকর্তাদের কাছে মৌখিকভাবে গাছ কাটার অনুমতি চাওয়া হয়েছে।’বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের লাঠিটিলা বিট কর্মকর্তা শেখ দেলোয়ার হোসেন জানান, সংরক্ষিত বন এলাকার ভেতর রাস্তা হলে বনদস্যুদের জন্য সুবিধা হবে। কয়েক বছরের মধ্যেই বনদস্যুরা সব সেগুন গাছ কেটে নিয়ে যাবে। তিনি আরও জানান, ইউপি চেয়ারম্যান গাছ কাটার জন্য তাঁর কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নেননি।জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাছ নষ্ট করে সংরক্ষিত বন এলাকার ভেতরে রাস্তা সম্প্রসারণের কাজ করায় তিনি কষ্ট পেয়েছেন। রাস্তার কাজ বন্ধ রাখার ব্যবস্থা করা হয়েছে।