অনুমতি তিন, কাটা হচ্ছে ১৫টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই নির্বিচারে পাহাড় কাটা চলছে। পরিবেশ অধিদপ্তর শর্তসাপেক্ষে তিনটি কাটার অনুমতি দিলেও উপজেলার বারৈয়াঢালা থেকে সলিমপুর পর্যন্ত ১৫টি স্থানে প্রতিদিন পাহাড় কাটা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ শুরু হওয়ার পর মাটির সংকট দেখা দেয়। মাটি সরবরাহ করতে সীতাকুণ্ডে গড়ে ওঠে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট। চার লেন প্রকল্পের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সিন্ডিকেটগুলোর সঙ্গে মাটি সরবরাহের সমঝোতা করে। পরে সিন্ডিকেটের সদস্যরা পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়েই নির্বিচারে উপজেলার ১৫টি স্থানে পাহাড় ও টিলা কেটে মাটি সরবরাহ শুরু করেন।চার লেন প্রকল্পের মাটির সংকট মেটাতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কমিটি উপজেলার তিনটি ন্যাড়া পাহাড় এবং সমুদ্র উপকূলের প্রস্তাবিত একটি এলাকা থেকে শর্তসাপেক্ষে মাটি বা বালু আহরণ করার ছাড়পত্র দেয়। তবে সিন্ডিকেটের সদস্যরা কোনো বাছবিচার না করেই পাহাড় কাটছেন।৩ মে বারো আউলিয়া চৌধুরীঘাটা এলাকায় গিয়ে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এমন একটি পাহাড় কাটা চলছে। মাটি কাটার গাড়ি এসকেভেটরের মাধ্যমে কাটা হচ্ছে। পাহাড়ের মাটি নেওয়ার কাজে ব্যবহার করা হয় আট-১০টি বড় ট্রাক। ওই ট্রাকের চালক জহুরুল আলম ও জয়নাল আবেদিন জানান, এসব মাটি চার লেন প্রকল্পের কাজের জন্য নেওয়া হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, তুহিন, কালাম, জাহেদ, নোয়ামিয়া, ওসমান, আবদুর রশিদ, কাদের মাঝি, জসীমসহ ১৫ জনের একটি সিন্ডিকেট ওই পাহাড়টি কেটে চার লেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে মাটি বিক্রি করছে।এ প্রসঙ্গে তুহিন ও নোয়ামিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে পাহাড় কাটা হচ্ছে। তবে তাঁরা কোনো অনুমতির কাগজ দেখাতে পারেননি। বাড়বকুণ্ড এলাকায় কাটা হচ্ছে ৩০০ ফুট উঁচু বিশাল আকারের পাহাড়। ক্ষমতাসীন দলের ২১ জনের একটি সিন্ডিকেট পাহাড় কাটার সঙ্গে জড়িত। তাদের দাবি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এই পাহাড় কাটা হচ্ছে।প্রশাসনের জড়িত থাকার কথা অস্বীকার করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, মহাসড়কে চার লেনে উন্নীতকরণে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকেরা তিনটি স্থানে পাহাড় কাটার শর্তসাপেক্ষে অনুমতি পেয়েছে। পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন অভিযানে পুলিশ প্রশাসন সহযোগিতা করছে।পাহাড় কাটার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়া নির্দিষ্টস্থান থেকে মাটি না কেটে অপরিকল্পিতভাবে মাটি কাটা হচ্ছে।চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ জাফর আলম জানান, মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজের জন্য শর্তসাপেক্ষে তিনটি স্থানে পাহাড় কাটার অনুমতি দিয়েছে। তবে কোন পাহাড় থেকে কী পরিমাণ মাটি কাটা হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।