খুলনার দীঘলিয়া উপজেলার আতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন এলাকার কিছু ব্যবসায়ী। খুলনা-৪ (দীঘলিয়া-তেরখাদা-রূপসা) আসনের সাংসদ মোল্লা জালাল উদ্দিন বালু তোলার অনুমতি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসীর অভিযোগ, তিন বছর ধরে উপজেলার বাতিভিটা গ্রাম থেকে হাজিগ্রামের সরদারঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটারে বালু উত্তোলন করায় পাকা সড়ক, বিদ্যালয়, নদীর রক্ষাবাঁধসহ বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে অনেক পরিবারের জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই সাংসদ মোল্লা জালাল উদ্দিন এলাকার কিছু বালু ব্যবসায়ীকে বালু তোলার অনুমতি দেন। এই বালু বিক্রির টাকার কিছু অংশ নদীর পাশের মসজিদ, বিদ্যালয়গুলোর উন্নয়নের জন্য দেওয়ার কথা। ২০০৯ সালের শেষের দিকে ১০টি মসজিদকে ৪০ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা সাংসদ নিজে থেকে দেন। তারপর আর কোনো টাকা দেওয়া হয়নি। কিন্তু ব্যবসায়ীরা যন্ত্র দিয়ে প্রতিদিন ৩০-৪০ কার্গো বালু তুলছেন। এ কারণে আতাই নদীর দুই পাশে দুই কিলোমিটারে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে।তাঁরা আরও জানান, ভাটার সময় নদীর মধ্যে থেকে ও জোয়ারের সময় নদীর পাশ থেকে বালু তোলা হচ্ছে। রাতের বেলায় বালু তোলার সময় যন্ত্রের শব্দে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। মাঝেমধ্যে পুলিশ এসে বালু উত্তোলনকারীদের তাড়া করে ধরে। তবে একটু পরে আবার তাদের ছেড়ে দেয়। এর কিছুক্ষণ পরই তারা আবার বালু তোলা শুরু করে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে রক্ষাবাঁধ ভেঙে হাজিগ্রাম, বাতিভিটা গ্রামসহ নদীর দুই পাশের আরও পাঁচ-ছয়টি গ্রামের মানুষের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ২৫ মার্চ সরেজমিনে দেখা যায়, নদীর মধ্যে একটি যন্ত্রের (মিনি ড্রেজার) সঙ্গে একটি ছোট কার্গো লাগিয়ে বালু তোলা হচ্ছে। আধা ঘণ্টা পরপর কার্গো ভর্তি হচ্ছে। বালুভর্তি কার্গো চলে যাচ্ছে, আবার নতুন একটি কার্গো সেখানে চলে আসছে। নদীর পশ্চিম পাশে আরেকটি মিনি ড্রেজার রাখা হয়েছে। জোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় এই ড্রেজারের সঙ্গে কার্গো লাগিয়ে বালু তোলা হচ্ছে। হাজিগ্রামের খোদেজা খাতুন বলেন, ‘এমপির লোকজন তিন বছর ধরে বালি কাটতেছে।’ হাজিগ্রামের একটি মসজিদের সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘২০০৯ সালের শেষের দিকি এমপি সাহেব আইসে বালি বিক্রির টাকার ৪০ হাজার টাকা ১০টার মতো মসজিদি দিয়ে গিইল। তার পরে তো আর কোনো দিন দিনি। এখন তারা নিজিরা ভাগ-যোগ কইরে খাচ্ছে।’সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার নাজিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছ থেকে তারা বালু তোলার অনুমতি নেয়নি। তা ছাড়া ইউএনও স্যারও নতুন, তিনি প্রশিক্ষণে ছিলেন। তাই পদক্ষেপ নেওয়া হয়নি। এখন আমরা দ্রুত পদক্ষেপ নেব।’খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পাউবো) আবদুর রব হাওলাদার বলেন, যেভাবে বালু তোলা হচ্ছে তা অবৈধ। সাংসদ মোল্লা জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি অনুমতি দিয়েছিলাম। এলাকার মানুষের ক্ষতি হলে বালু তোলা বন্ধ করা হবে।’