অনুমতি না নিয়েই নারায়ণগঞ্জ চারুকলায় বিএনপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়েই আজ সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির মাঠে সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি। দুপুরের আগে থেকেই দলের নেতা-কর্মীরা ওই মাঠে সমবেত হতে শুরু করবেন। এ কারণে আজকের পূর্বনির্ধারিত স্নাতক (সম্মান) গ্রাফিক্স ডিজাইন ও প্রিন্টিং বিভাগের পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে চারুকলা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাবুদ্দিন আহমেদ বলেন, তাঁদের মাঠে সমাবেশ করতে বিএনপিকে কোনো অনুমতি দেননি। এর পরও অনেকটা জোর করে গতকাল রোববার সকাল থেকে মাঠে সভামঞ্চ নির্মাণ শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। এতে বাধ্য হয়ে আজকের নির্ধারিত পরীক্ষা পেছানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজকের সমাবেশটি জেলার পাঁচটি উপজেলায় পৃথকভাবে হওয়ার কথা ছিল। গত ২৮ আগস্ট সোনারগাঁয়ে প্রথম কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু অভ্যন্তরীণ কোন্দল ও প্রস্তুতি না থাকায় পাঁচটি সমাবেশের পরিবর্তে বড় পরিসরে একটি সমাবেশ করার সিদ্ধান্ত নেন জেলার শীর্ষস্থানীয় নেতারা। এ জন্য ২৭ আগস্ট নগরের ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজিত সভায় সিদ্ধান্ত হয়, ৩১ আগস্ট নগরের দেওভোগ এলাকায় চারুকলা ইনস্টিটিউটের মাঠে সমাবেশ করা হবে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানালে সমাবেশের প্রধান অতিথি ৩১ আগস্টের পরিবর্তে ২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করে দেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে সমাবেশ করতে বিএনপির নেতারা চারুকলার অধ্যক্ষ শাহাবুদ্দিনের কাছে মৌখিকভাবে অনুমতি চান। অধ্যক্ষ এ ব্যাপারে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অন্য সদস্যদের সঙ্গে কথা বলার অনুরোধ করেন। বিএনপির নেতারা কমিটির সভাপতি বদিউল আলমের কাছে অনুমতি চাইলে তিনিও তাঁদের অনুমতি দেননি।

এ ব্যাপারে জানতে চাইলে মঞ্চ নির্মাণের তত্ত্বাবধায়ক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, সমাবেশের জন্য তাঁরা লিখিত কোনো অনুমতি নেননি। তবে ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোয়ার হোসেন ওরফে মনা সর্দারের (১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি) কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছেন।

মনোয়ারের ছোট ভাই জাহাঙ্গীর আলম শহর বিএনপির সভাপতি ও ছেলে মোয়াজ্জেম হোসেন ওরফে মন্টি যুবদলের রাজনীতিতে জড়িত।