অনুমতি না নিয়ে বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে অনুমতি না নিয়েই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে শিল্প ও বণিক সমিতি। মেলায় যাত্রা প্রদর্শনী এবং হাউজি ও জুয়া খেলার জন্য প্যান্ডেল নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের নৌ কারখানার মাঠে এক সপ্তাহ ধরে বাণিজ্য মেলার জন্য স্টল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি এখানে জেলা যুবলীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মীর্জা আবুয়াল হোসেনের নেতৃত্বে যাত্রা প্রদর্শনী এবং জুয়া ও হাউজি খেলার জন্য প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। বিআইডব্লিউটিএ মেলার কার্যক্রম বন্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে এবং মাঠের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। মীর্জা আবুয়াল হোসেন বলেন, ‘পাঁচ বছর ধরে ওই মাঠে মেলা করে আসছি। এ বছরও বিআইডব্লিউটিএর কাছে আবেদন করেই আমরা মেলার কাজ শুরু করি। কিন্তু এ বছর তারা অনুমতি দেয়নি। অনুমতির জন্য চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ চলছে। মাঠের অনুমতি পাওয়ার পরই পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হবে।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, মেলার স্টল ও অন্যান্য কাজ পুরোদমে চলছে।
বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘মেলা উপলক্ষে জুয়া বা হাউজি চলুক, এটা আমি চাই না।’ মেলার আহ্বায়ক এবং বরিশাল শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সভাপতি অনেক কিছুর মধ্যেই থাকে না। তাই বলে সে জানে না এটা সঠিক নয়।’ মেলার মাঠে জুয়া এবং হাউজি খেলার আয়োজন সম্পর্কে তিনি বলেন, ওটা বাণিজ্য মেলার বাইরে হয়।