অনুমতি না নিয়ে সওজের জায়গায় যাত্রীছাউনি
ফরিদপুরে অনুমতি না নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় ফরিদপুর পৌরসভার উদ্যোগে যাত্রীছাউনি নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে সওজ।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সড়কের পশ্চিম পাশে ওই ছাউনি নির্মাণ করা হচ্ছে।
ফরিদপুর পৌরসভা সূত্রে জানায়, রতনপুর স্টিল নিজেদের খরচে বিজ্ঞাপন প্রচারের সুবিধার জন্য ফরিদপুর পৌরসভায় তিনটি যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ জন্য পৌরসভা সহায়তা দিচ্ছে।
সওজ ফরিদপুর বিভাগ জানায়, সড়ক বিভাগের জায়গায় বিনা অনুমতিতে এ স্থাপনা নির্মাণকাজ শুরু হলে পৌসভার কাছে আপত্তি জানানো হয়। পৌরসভা কাজ অব্যাহত রাখলে ২৫ নভেম্বর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত আবেদন করে নির্মিতব্য স্থাপনা অপসারণের দাবি জানান।
ফরিদপুর সওজের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, ঢাকা-খুলনা মহাসড়কটির গুরুত্বপূর্ণ ওই মোড়ের বদরপুর থেকে মুসলিম মিশন পর্যন্ত তিন কিলোমিটার পথ চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ২৫ কোটি টাকা বাজেট চেয়ে একটি প্রকল্প যোগাযোগ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে স্বাভাবিকভাবেই ওই স্থাপনা উচ্ছেদ করতে হবে।