অনুমতি না মেলায় খাপড়া ওয়ার্ডে যেতে পারেনি ওয়ার্কার্স পার্টি
অনুমতি না পাওয়ায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক খাপড়া ওয়ার্ডের শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি ওয়ার্কার্স পার্টির নেতারা। গতকাল সোমবার খাপড়া ওয়ার্ডে শ্রদ্ধা জানাতে গিয়ে অনুমতি না পাওয়ায় কারা ফটকেই কর্মসূচি পালন করে ফিরে আসেন নেতা-কর্মীরা।
তবে বিকেল চারটার পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহীর নেতারা কারাগারে প্রবেশ করে খাপড়া ওয়ার্ডে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বলে কারাগার সূত্রে জানা গেছে। ১৯৫০ সালের ২৪ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম লীগ সরকারের ষড়যন্ত্রে রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে রাজনৈতিক বন্দী কমিউনিস্ট পার্টির কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। শহীদ হন দেলোয়ার হোসেন, সুধীন ধর, বিজন সেন, সুখেন্দু ভট্টাচার্য ও কম্পরাম সিং। আহত হন প্রায় ৩২ জন নিরস্ত্র বিপ্লবী।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ড দিবস পালনের অনুমতি চেয়ে ১৩ এপ্রিল রাজশাহী জেলা প্রশাসক বরাবর আবেদন করেন রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আগামী ২৪ এপ্রিল সকাল ১০টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য প্রতিবছরের ন্যায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগরের ৪০ জন নেতা-কর্মীকে কারা অভ্যান্তরে প্রবেশ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য অনুমতি দান করে বাধিত করবেন।’
ওয়ার্কার্স পার্টির মহানগরের সভাপতি লিয়াকত আলী বলেন, ‘আমরা প্রতিবছর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডে শ্রদ্ধা নিবেদন করি। আর এ বছর রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা দরখাস্ত করলেও অনুমতি দেওয়া হয়নি। সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অপেক্ষা করে জেলগেটেই পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে আমরা ফিরে আসি।’
রাজশাহী কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক হালিমা খাতুন বলেন, ‘মন্ত্রণালয়ের অনুমতি পেতে দেরি হওয়ায় এমনটি ঘটেছে। বিকেল তিনটার দিকে আমরা অনুমতি পেয়েছি। তারপর সিপিবিকে ডাকা হয়েছিল। তাদের নেতা-কর্মীরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। ওয়ার্কার্স পার্টিকেও ডাকা হয়েছিল। কিন্তু তারা কর্মসূচি পালন করে যাওয়ায় আর আসেননি।’