আন্তর্জাতিক সংস্থা এশিয়া ফাউন্ডেশন ও দেশীয় সংস্থা অধিকারকে পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়নি। এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য মোট ২৯টি সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে। এশিয়া ফাউন্ডেশন সুযোগ না পাওয়ায় নির্বাচনে কোনো বিদেশি পর্যবেক্ষক বা সংস্থা থাকছে না।
নির্বাচন কমিশন সচিবালয়ের একাধিক সূত্র বলেছে, আওয়ামী লীগের আপত্তির কারণে অধিকারকে অনুমতি দেওয়া হয়নি। বিদেশি সংস্থা হওয়ায় এশিয়া ফাউন্ডেশনকে পর্যবেক্ষণে অংশ নিতে হলে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন। নির্বাচন কমিশন গতকাল মঙ্গলবার ছাড়পত্র-সংক্রান্ত নথিটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ কারণে সংস্থাটি আজ ভোট গ্রহণ পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে না।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিশনের নিবন্ধিত সংস্থা হওয়া সত্ত্বেও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অধিকারকে অনুমতি দেওয়া হয়নি। আর বিলম্বে আবেদন করায় এশিয়া ফাউন্ডেশনের নথিটি যথাসময়ে সরকারের অনুমতির জন্য পাঠানো সম্ভব হয়নি।
তবে তিন-চার দিন আগে সচিব প্রথম আলোকে বলেছিলেন, কমিশনের নিবন্ধিত সব সংস্থাকেই পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে।
কমিশন সচিবালয়ের গতকালের তথ্য অনুযায়ী এবার ফেমা, জানিপপ, ডেমক্রেসিওয়াচ, ব্রতীসহ মোট ২৯টি সংগঠনকে পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে সাতটি সংস্থার ১৩০ জন পর্যবেক্ষককে এবং স্থানীয়ভাবে ২২টি সংস্থার ৪ হাজার ৮৯ জন পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র সংগ্রহ করতে হবে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে।