অনুমতি বাতিলের পরও উৎপাদনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের ওষুধ উৎপাদনের অভিযোগে সাময়িকভাবে অনুমতিপত্র (লাইসেন্স) বাতিল করা নরসিংদীর মিষ্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃপক্ষ উৎপাদন অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ গত ২৯ এপ্রিল ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক আদেশে প্রতিষ্ঠানটির অনুমতিপত্র বাতিল করা হয়৷
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর ভাগদী এলাকায় অবস্থিত মেসার্স মিষ্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান ফটকে গত রোববার বেলা একটার দিকে গিয়ে শ্রমিকদের আসা-যাওয়া করতে দেখা গেছে৷ ভেতরে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মীরা এই প্রতিবেদককে বাধা দেন৷ পরিচয় দিলে তাঁরা কারখানার প্রকল্প কর্মকর্তা (প্লান্ট ইনচার্জ) ও ব্যবস্থাপক তুহিন রুমির সঙ্গে কথা বলেন৷ এরপর তুহিন নিজেই প্রধান ফটকে চলে আসেন৷
পরে তুহিন রুমি এই প্রতিবেদককে জানান, কারখানার ভেতরে প্রবেশে মালিকপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে৷ তবে নাম প্রকাশ না করার শর্তে একজন শ্রমিক বলেন, ‘আমাদের তো আর কোম্পানি বসিয়ে রেখে বেতন দেবে না৷ ভেতরে কাজই করতে হয়৷’ উৎপাদনকাজ অব্যাহত রয়েছে কি না, জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি৷
জেলা ঔষধ প্রশাসনের কার্যালয় থেকে জানা গেছে, কারখানার সার্বিক পরিবেশ ওষুধ উৎপাদনের অনুপযোগী৷ সেখানে কোয়ালিটি ম্যানুয়েলসহ বিভিন্ন প্রটোকল, মেশিন রক্ষণাবেক্ষণ শিডিউল, পরিবেশ মনিটরিং শিডিউল এবং স্ট্যাবিলিটি প্রটোকল মানা হয় না৷ কারখানার উৎপাদিত পণ্যের জন্য রোগ-সংক্রমণমুক্ত এলাকা এবং পণ্য মজুত রাখার জায়গা নেই৷ রাসায়নিক পণ্য রাখার পৃথক ব্যবস্থা নেই৷ বৈধ উৎস থেকে কাঁচামাল সংগ্রহের প্রমাণ কারখানায় পাওয়া যায়নি৷ এ ছাড়া কারখানায় ওষুধ উৎপাদনে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) যথাযথভাবে অনুসরণ করা হয় না৷ এসব কারণে ওই কোম্পানির অনুমতিপত্র সাময়িকভাবে বাতিল করা হয়েছে৷ বিদ্যমান অবস্থার মধ্যেই যদি ওই কোম্পানি ওষুধ উৎপাদন এবং বিপণন অব্যাহত রাখে, তবে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হবে৷
জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ড্রাগ সুপার) গুলশান জাহান বলেন, ‘আমি কারখানায় গিয়ে সেটি বন্ধ করার জন্য এবং প্রধান ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি৷ কিন্তু তারা নোটিশ টাঙায় নাই৷ খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব৷’
২০০৭ সালে ওই কোম্পানির মালিকানাসংক্রান্ত জটিলতা তৈরি হওয়ার পর থেকে কারখানায় বিভিন্ন সমস্যা দেখা দেয়৷ কারখানায় উৎপাদিত ওষুধের মান নিয়েও নানা অভিযোগ উঠতে থাকে৷ এসব অভিযোগের ভিত্তিতে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিষয়টি তদন্তের নির্দেশ দেন৷ এরপর ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়৷ তদন্ত শেষে ২৯ এপ্রিল সাময়িকভাবে ওই কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়৷