অনুমতি মেলেনি বরগুনায় নাগরিক সমাবেশ স্থগিত
বরগুনা জেলা প্রশাসন অনুমতি না দেওয়ায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ডাকা পূর্বনির্ধারিত নাগরিক সমাবেশ করতে পারেননি সাবেক সাংসদ দেলোয়ার হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বরগুনা শহরের বঙ্গবন্ধু সড়কের সিদ্দিক সঞ্চৃতিমঞ্চে এই জনসভা হওয়ার কথা ছিল।দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের একটি মহলের প্ররোচনায় প্রশাসন এই সমাবেশের অনুমতি দেয়নি। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরার জন্য এক সপ্তাহ আগে নাগরিক সমাজের পক্ষে তিনি এই সমাবেশ আহ্বান করেন এবং নিয়ম মেনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তা লিখিতভাবে অবহিত করেন। বুধবার পুনরায় জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জনসভা করার অনুমতি চেয়ে আবেদন করেন। বরগুনার পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথ জানান, জনসভার আবেদনটি যাচাই করে ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়। ওসি জাকির হোসেন ফকির জানান, অনুসন্ধান করে জানা গেছে, সভাটি করা হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। এ জন্য অনুমতি দেওয়া হয়নি।