অনুমতিপত্র বাতিলের সুপারিশ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার আতিয়াবাগ চা-বাগানে কাটার জন্য গাছ চিহ্নিতকরণে (মার্কিং) অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এদিকে গাছ কাটার অনুমতিপত্র বাতিলসহ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বন বিভাগের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন।বন বিভাগ সূত্র জানায়, আতিয়াবাগ চা-বাগানের কর্তৃপক্ষ তাদের মালিকানাধীন জায়গা থেকে পরিপক্ব বিভিন্ন জাতের বনজ দুই হাজার ৩২টি গাছ কাটতে গত ২৫ এপ্রিল বন বিভাগের অনুমতি পায়। পরে বাগান কর্তৃপক্ষ এসব গাছ প্রায় এক কোটি টাকায় শ্রীমঙ্গলের কাঠ ব্যবসায়ী গোলাম কিবরিয়া চৌধুরীর কাছে বিক্রি করে দেয়। গোলাম কিবরিয়া শ্রমিকদের দিয়ে গাছগুলো কাটানো শুরু করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানতে পারেন, অনুমতিপত্রের আড়ালে সেখানকার ইজারাভুক্ত অংশ থেকে অবৈধভাবে গাছ কাটা চলছে। এর পরিপ্রেক্ষিতে তাঁরা গাছ কাটা ও পরিবহন বন্ধে নির্দেশ দেন। সূত্র জানায়, তদন্তকালে বাগান কর্তৃপক্ষের মালিকানাধীন অংশে বন বিভাগের চিহ্নিত করা মাত্র ৬২৪টি গাছের অস্তিত্ব পাওয়া গেছে। আর বাকি গাছগুলো ইজারাভুক্ত অংশে পড়েছে। এর মধ্যে অবৈধভাবে কাটা হয়েছে ৬৬৪টি গাছ। এসব গাছ থেকে সরকার রাজস্ব পায় প্রায় ২৪ লাখ টাকা। গাছ চিহ্নিতকালে জুড়ী-১ রেঞ্জে বন কর্মকর্তার দায়িত্বে ছিলেন মোহাম্মদ শাহজাহান। এ ব্যাপারে জুড়ী-১ রেঞ্জ কার্যালয়ের বর্তমান বন কর্মকর্তা আবদুস সাত্তার গত ২৬ জুলাই সিলেটের ডিএফও বরাবর একটি প্রতিবেদন পাঠিয়েছেন।বন বিভাগের একটি সূত্র জানায়, মোহাম্মদ শাহজাহান দুর্নীতির অভিযোগে কিছুদিন আগে চাকরিচ্যুত হয়েছেন। এ ব্যাপারে জানতে গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করে মোহাম্মদ শাহজাহানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রতিবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গতকাল জানান, অনুমতিপত্র বাতিলসহ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি বন সংরক্ষকের কাছে লিখিত সুপারিশ করেছেন।