অনুমতিহীন লটারির টিকিট বিক্রি করায় ১৩ জনের অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাকসাম শিল্প ও বাণিজ্য মেলায় অনুমতিবিহীন লটারির টিকিট বিক্রির অভিযোগে ১৩ জন নারী ও পুরুষকে সাজা দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সোহাগ চন্দ্র চক্রবর্তী।
গত শনিবার রাত সাড়ে ১০টায় লাকসাম স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণ থেকে লটারির টিকিট বিক্রি করার সময় র্যা ব-১১ কুমিল্লার সদস্যরা ওই অভিযান চালান। র্যা বের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার বাবুল আখতারের উপস্থিতিতে ওই অভিযান চালানো হয়।
টিকিট বিক্রেতাদের ১২ জনই নারী। তাঁদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল, টেলিভিশন, রাইস কুকার, পানির ফিল্টার, প্রেসার কুকার, মুঠোফোন সেট, ক্যামেরাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। তাঁরা জরিমানার অর্থ পরিশোধ করে রেহাই পান।
১৫ দিন আগে মেলা শুরু হয়। মাসব্যাপী ওই মেলায় প্রতিদিনই ২০ টাকা করে লটারির নামে টিকিট বিক্রি করা হয়। এরপর রাত ১০টায় মেলা প্রাঙ্গণে ড্র অনুষ্ঠিত হয়। ড্র স্থানীয় কেব্ল অপারেটরদের মাধ্যমে টেলিভিশনে দেখানো হয়।
নির্বাহী হাকিম সোহাগ চন্দ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।