অনুমিত রোগীর ৭০ শতাংশ চিকিৎসাসেবার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচআইভি/এইডসবিষয়ক জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএনএইডস বলছে, বাংলাদেশে অনুমিত এইচআইভি সংক্রমিত ব্যক্তিদের ৭০ শতাংশ ওষুধ ও চিকিৎসাসেবার বাইরে। প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ পৃথিবীর এইচআইভি/এইডস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 
বিশ্ব এইডস দিবস সামনে রেখে ইউএনএইডস ‘ফাস্ট-ট্রাক টার্গেটস: এন্ডিং দ্য এইডস এপিডেমিক বাই ২০৩০’ শিরোনামের এই প্রতিবেদন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। তাতে চিকিৎসার সুযোগ বৃদ্ধি, নতুন সংক্রমণ প্রতিরোধ ও বৈষম্য কমাতে ২০২০ ও ২০৩০ সালের জন্য পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস।
প্রতিবেদন বলছে, পৃথিবীতে এইচআইভি নিয়ে বসবাস করছে তিন কোটি ৫০ লাখ মানুষ। এদের মধ্যে ওষুধ পায় মাত্র এক কোটি ৩৬ লাখ মানুষ। অর্থাৎ ৩৪ শতাংশ রোগী ওষুধ পায়।
সেবা বাড়াতে ইউএনএইডস ২০২০ সালের জন্য ‘৯০-৯০-৯০’ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই সময়ের মধ্যে সংক্রমণের শিকার ৯০ শতাংশ মানুষকে জানাতে হবে যে তারা এইচআইভি বহন করছে, নিজের সংক্রমণ সম্পর্কে জানে এমন ৯০ শতাংশ মানুষকে চিকিৎসার আওতায় আনতে হবে এবং চিকিৎসা নিচ্ছেন এমন ব্যক্তিদের ৯০ শতাংশের ভাইরাসের বোঝা কমাতে হবে। ২০৩০ সালের জন্য লক্ষ্যমাত্রা ৯৫-৯৫-৯৫ ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে ২১ লাখ মানুষ নতুনভাবে এইচআইভি সংক্রমিত হয়েছিল। সংক্রমণের হার কমাতে হবে। এ ক্ষেত্রে ২০২০ সালে পাঁচ লাখের বেশি মানুষ যেন সংক্রমিত না হয়, তার জন্য সম্ভাব্য সবকিছু করতে হবে। ২০৩০ সালের জন্য লক্ষ্যমাত্রা দুই লাখ।
ইউএনএইডস বলছে, রোগ নির্ণয়, ওষুধ পাওয়া ও চিকিৎসার ক্ষেত্রে এইডস রোগীরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়। বৈষম্য পরিবার ও সমাজে আছে। এই বৈষম্য ২০২০ সালে শূন্যের কোঠায় আনতে হবে এবং ২০৩০ সাল পর্যন্ত তা ধরে রাখতে হবে।
প্রতিবেদনে বাংলাদেশের কিছু তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হচ্ছে, এইচআইভি সংক্রমণের শিকার বয়স্ক ও শিশুদের ৩০ শতাংশ চিকিৎসাসুবিধা পায়। তবে একাধিক সঙ্গীর সঙ্গে যৌনমিলনে অভ্যস্তদের ৩০ থেকে ৫০ শতাংশ এবং যৌনকর্মীদের সঙ্গে যৌনমিলনে অভ্যস্তদের ৫০ থেকে ৮০ শতাংশ কনডম ব্যবহার করেন।
এক দশকের বেশি সময় ধরে এইচআইভি/এইডস রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো সোসাইটি। ইউএনএইডসের প্রতিবেদন সম্পর্কে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হাবিবা আক্তার প্রথম আলোকে বলেন, বাংলাদেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির অনুমিত সংখ্যা নয় হাজার ৫০০। সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত শনাক্ত হওয়া তিন হাজারের বেশি মানুষ চিকিৎসার আওতায় আছে।
জাতীয় এইডসবিষয়ক কর্মসূচির লাইন ডিরেক্টর হুসাইন সারওয়ার খান বলেন, এ পর্যন্ত শনাক্ত হওয়া সব রোগীকেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ কথা সত্যি, সংক্রমিত সব মানুষকে শনাক্ত করা সম্ভব হয়নি।
নতুন এই প্রতিবেদনে ৩০টি দেশের ওপর বেশি নজর দেওয়ার কথা বলা হয়েছে। এই তালিকায় অবশ্য বাংলাদেশের নাম নেই। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের নাম এতে আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এই খাতে বিনিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ। এইচআইভি সংক্রমিত একজন ব্যক্তির জন্য দিনে তিন মার্কিন ডলার ব্যয় করলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
সরকার কী করছে জানতে চাইলে হুসাইন সারওয়ার খান বলেন, সেবার আওতা বাড়ানোর উদ্যোগ এ দেশেও নেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, এত দিন সাতটি কেন্দ্রে রোগ নির্ণয় করা হতো এবং এসব কেন্দ্র থেকে ওষুধ সরবরাহ করা হতো। কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ২০টি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর (যৌনকর্মী, সুঁইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারী, সমকামী) মধ্যে সেবা ও সচেতনতা বাড়ানোর কর্মসূচি জোরদার হচ্ছে।