অনুমোদন নেই, ভর্তির প্রচার
বেতন নেই। রয়েছে বিনা মূল্যে পোশাক ও আবাসনের সুব্যবস্থা—এ রকম নানা সুবিধার কথা উল্লেখ করে চটকদার বিজ্ঞাপন দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির প্রচার চালাচ্ছে অনুমোদনহীন চারটি কলেজ। অনুমোদনহীন এসব কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতারিত হচ্ছে অসংখ্য শিক্ষার্থী।
এই চারটি কলেজ হলো কুমিল্লা মহানগর কলেজ, কুমিল্লা পাঠশালা কলেজ, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজ ও লাকসাম উপজেলার লাকসাম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম ৬ জুন থেকে শুরু হয়েছে। এতে জেলার ১৩৯টি কলেজের নাম বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়। কিন্তু এর মধ্যে এই চার কলেজের নাম নেই।
অনুমোদনহীন এসব কলেজ শিক্ষার্থী ভর্তির জন্য জেলার বিভিন্ন এলাকায় শত শত ব্যানার ও ফেস্টুন টানিয়েছে। একই সঙ্গে স্থানীয় গণমাধ্যমে দিচ্ছে চটকদার বিজ্ঞাপন। তাতে রয়েছে প্রলোভন সৃষ্টিকারী বিভিন্ন সুযোগ-সুবিধার কথা।
খোঁজ নিয়ে জানা যায়, বুড়িচংয়ের পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন ওরফে জাহের নিজ গ্রামে এ বছর একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন। নাম পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজ। কিন্তু এই নামের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লা বোর্ডে নেই। তবু শিক্ষার্থী ভর্তির জন্য পুরো জেলায় ব্যানার টানানো হয়েছে। তাতে শিক্ষার্থীদের পোশাক, বেতন ও থাকার ব্যবস্থা বিনা মূল্যে করা হবে বলে উল্লেখ রয়েছে।
জানতে চাইলে কলেজটির অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ‘অনুমোদনের জন্য বোর্ডে আবেদন করা হয়েছে। স্থাপনা তৈরির কাজ চলছে।’
লাকসামের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ভর্তির জন্য ২৮ মে থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। উত্তর লাকসামের গন্ডমারা এলাকায় কলেজটির অবস্থান। কিন্তু বোর্ডে এ কলেজের নাম নেই। ৫ জুন বিকেলে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাগোয়া সড়কে ওই কলেজে ভর্তির জন্য ব্যানার দেখা গেছে। ১১ জুন সন্ধ্যায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নেয়ামত উল্লাহ মজুমদার বলেন, ‘আমরা সরাসরি শিক্ষার্থী ভর্তি করাই।’ বোর্ডের কোনো অনুমোদন নেই, তাহলে কীভাবে ভর্তি করান, এ প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার আমতলি এলাকার একটি রেস্তোরাঁর ওপর কুমিল্লা পাঠশালা কলেজ অবস্থিত। ওই কলেজে ভর্তির জন্য বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউর একটি বহুতল ভবনে অবস্থিত কুমিল্লা মহানগর কলেজ। ওই কলেজও ফেস্টুন টানিয়ে প্রচারণা চালাচ্ছে। পাঠশালা ও মহানগর কলেজ তিন বছর আগে প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত শিক্ষার্থী ভর্তির কোনো অনুমোদন পায়নি।
অনুমোদনহীন এসব কলেজের বিরুদ্ধে বোর্ড কোনো পদক্ষেপ নেয়নি। এর ফলে প্রতারিত হচ্ছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। কুমিল্লা মহানগর কলেজে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘কুমিল্লা মহানগর কলেজ নাম দেখে এখানে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার কয়েক দিন পর জেনেছি, আমাদের রেজিস্ট্রেশন হয়েছে অন্য কলেজের নামে। এই কলেজে পড়লেও আমাদের পরীক্ষা দিতে হবে আরেক কলেজের নামে। এ বছরও একাদশ শ্রেণিতে বহু শিক্ষার্থী ভর্তি হতে এসে বোকা বনে যাচ্ছে।’
এ বিষয়ে কথা বলতে ১৩ জুন রাতে কুমিল্লা মহানগর কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান সোহেলের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক তরুণ কুমার সরকার বলেন, বোর্ডের অনুমোদন ছাড়া কোনো কলেজ শিক্ষা কার্যক্রম চালাতে পারে না। কোনোভাবেই ভর্তি কার্যক্রম চালানো যাবে না। বোর্ডের সচিব মো. আবদুস ছালাম বলেন, অনুমোদনহীন কলেজের ব্যাপারে বোর্ড শিগগিরই ব্যবস্থা নেবে।