অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি করায় দুজনের দণ্ড
খুলনায় নিম্নমানের এবং অনুমোদনহীন শিশুখাদ্য (গুঁড়ো দুধ) বিক্রির ঘটনায় দায়ের করা মামলায় দুই ব্যবসায়ীকে সাত হাজার করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।
খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকারিয়া হোসেন গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী মো. আসাদুজ্জামান ও মো. শাহরিয়ার ত্বাহা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, নগরের সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা ফারুক হোসেন ২০০৯ সালে নিউমার্কেট-সংলগ্ন ‘সেভ অ্যান্ড সেফ’ নামে অভিজাত ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ‘লাইল্যাক-২’ ব্র্যান্ডের দুধ কিনে তাঁর শিশুপুত্র ফাহাদকে (৭) খাওয়ান। এ দুধ খাওয়ার পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় ফারুক খুলনা বিএসটিআই কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৬ জুন বিএসটিআই কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠান থেকে লাইল্যাক-২ ব্র্যান্ডের ৪০০ গ্রাম ওজনের পাঁচ কৌটা দুধ জব্দ করে। পরে বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মৃণাল কান্তি বিশ্বাস বাদী হয়ে আদালতে মামলা করেন। এতে ওই প্রতিষ্ঠানের মালিক মো. আসাদুজ্জামান এবং ঢাকার কনকর্ড টাওয়ারে অবস্থিত রেমেক্স ট্রেডিং কোম্পানির প্রতিনিধি মো. শাহরিয়ার ত্বাহাকে আসামি করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিএসটিআই খুলনার আইন উপদেষ্টা মো. জাকির হোসেন। জাকির হোসেন বলেন, দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে ফলোআপ মিল্ক ফর্মুলার লাইল্যাক-২ ব্র্যান্ডের দুধ উৎপাদন ও বাজারজাত করেছেন।