অনুমোদনহীন সেই বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কেন্দ্রস্থলের শাহজালাল উপশহর মোড়ে স্থায়ী কাঠামোর সেই ‘ইউনিপোল’ বিলবোর্ড অপসারণ করেছে সিটি করপোরেশন।
গত শনিবার প্রথম আলোয় ‘সিলেট নগরে অনুমোদন ছাড়াই স্থায়ী বিলবোর্ড’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল রোববার বিকেলে সিটি করপোরেশনের নির্বাহী হাকিমের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তর অভিযান চালিয়ে বিলবোর্ডের গোড়া কেটে অপসারণ করে।
বিকেল চারটার দিকে সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মোহাম্মদ শরিফুজ্জামানের নেতৃত্বে রাজস্ব ও কর শাখার কর্মকর্তারা শাহজালাল উপশহরে গিয়ে বিলবোর্ড পরিদর্শন করেন। এ সময় প্রকৌশল বিভাগের একদল কর্মী বিলবোর্ডটি তাৎক্ষণিক অপসারণের সম্ভাব্যতা সম্পর্কে পরিদর্শক দলকে জানালে টানা দুই ঘণ্টার অভিযান চালিয়ে সেটি অপসারণ করা হয়।
মোহাম্মদ শরিফুজ্জামান ও কর কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, নগরে অবৈধ বিলবোর্ডের মধ্যে এটি ছিল দর্শনীয় জায়গায় সবচেয়ে বড় আকারের। এটি অপসারণের মধ্য দিয়ে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে অনুমোদনহীন অন্যান্য বিলবোর্ড অপসারণ করা হবে বলে তাঁরা জানান।