অনুমোদনহীন ১৩ কলেজে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের অনুমোদন ছাড়াই কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত চার জেলার ১৩টি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে। চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করে চলছে এ ভর্তি-বাণিজ্য।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ১৩টি কলেজে অনুমোদনহীন ভর্তি চলছে। এর মধ্যে কুমিল্লা জেলায় কুমিল্লা মহানগর কলেজ, কুমিল্লা রয়েল কলেজ, কুমিল্লা মেট্রোপলিটন কমার্স কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা পাইলট স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বরুড়া উপজেলার ছোটতুলাগাঁও মহিলা কলেজ ও আদর্শ সদর উপজেলার পাঠশালা কলেজ; ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান কলেজ ও নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ; ফেনী জেলার ফেনী আইডিয়াল কলেজ ও ছাগলনাইয়া মহিলা কলেজ এবং নোয়াখালীর ন্যাশনাল মডেল কলেজ। এ ছাড়া, কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত কুমিল্লা সিটি কলেজে মানবিক বিভাগের অনুমোদন না থাকা সত্ত্বেও ওই বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বোর্ডের ওয়েবসাইটে ৩২৭টি কলেজে শিক্ষার্থী ভর্তির অনুমোদন ও আসনবিন্যাস থাকলেও উল্লিখিত কলেজগুলোর নাম নেই। তবু থেমে নেই কলেজগুলোতে ভর্তি কার্যক্রম।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা নগরের শাকতলা এলাকার পাঁচতলাবিশিষ্ট একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় ঝুলছে কুমিল্লা মেট্রোপলিটন কমার্স কলেজের সাইনবোর্ড। ঝাউতলা এলাকার একটি ভাড়া বাড়িতে চলছে কুমিল্লা রয়েল কলেজ। নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের একটি বাণিজ্যিক ভবনে চলছে কুমিল্লা মহানগর কলেজ। ‘কুমিল্লায় প্রথম ডিজিটাল ক্যাম্পাস’—এমনই এক চটকদার বিজ্ঞাপন দিয়ে কলেজটিতে চলছে ভর্তি কার্যক্রম।
মহানগর কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল শিক্ষার্থী ভর্তির অনুমোদন না থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমরা এখনো অনুমোদন না পেলেও শিগগিরই পাব। তাই গত বছর থেকেই আমরা শিক্ষার্থী ভর্তি করাচ্ছি।’
কুমিল্লা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মোতালেব মানবিক বিভাগের অনুমোদন না থাকার পরও শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে বলে স্বীকার করে বলেন, বোর্ডে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পেতে তাঁরা আপ্রাণ চেষ্টা করে চলেছেন। শিগগিরই পেয়ে যাবেন বলে আশা করছেন।
শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাম্য জনসংখ্যা, কলেজের সংখ্যা ও দূরত্ব বিচার না করেই ব্যাঙের ছাতার মতো কলেজগুলো গজিয়ে উঠেছে। মূলত রাজনৈতিক দলের ছত্রচ্ছায়াতেই এগুলো গড়ে উঠছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা এককাট্টা। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানের নামে ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য অনুমোদন পেতে বিভিন্ন মহলে তদবির করে চলছেন।
জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক নিজামুল করিম বলেন, বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে অনুমোদিত কলেজের নাম, কোড নম্বর ও আসনসংখ্যা দেওয়া আছে। এর বাইরে যেসব কলেজে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে, সেগুলো অবৈধ। বোর্ড এসব কলেজের ব্যাপারে সতর্ক বিজ্ঞপ্তি জারিসহ এদের কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিচ্ছে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক বলেন, ‘অনুমোদনহীন কলেজগুলো কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে শিক্ষার্থী ভর্তি করাচ্ছে। আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি।’
কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, অনুমোদনহীন কোনো কলেজ শিক্ষার্থী ভর্তি করালে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।