অনুমোদনের জন্য জমা পড়ছে না নকশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবনের নকশা অনুমোদনে নতুন নিয়ম জারি করার পর একটি নকশাও জমা পড়েনি। এতে এ খাতে রাজস্ব হারাচ্ছে সিডিএ।
নতুন নিয়ম অনুযায়ী, সিডিএর অনুমোদনের জন্য জমা দেওয়া নকশায় প্রকৌশলী ও স্থপতিদের পাশাপাশি তাঁদের পেশাজীবী প্রতিষ্ঠানেরও প্রতিস্বাক্ষর থাকতে হবে। আগের নিয়মে নকশায় প্রকৌশলী ও স্থপতিদের স্বাক্ষর থাকলে হতো। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট।
সিডিএর নতুন নিয়ম নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভূমিমালিক ও আবাসন ব্যবসায়ীরা বলছেন, এতে নকশা অনুমোদনের প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। সিডিএ ও পেশাজীবী প্রতিষ্ঠানের নেতারা বলেছেন, এ নিয়মের কারণে পেশাজীবীদের দক্ষতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি ভবন নির্মাণের পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জবাবদিহির মধ্যে থাকবেন।
সিডিএ সূত্র জানায়, প্রথমে ১ আগস্ট থেকে এ নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। পরে পেশাজীবী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ১৭ আগস্ট থেকে এ নিয়ম কার্যকর করা হয়। এ নিয়ম জারি হওয়ার আগে চলতি মাসের ৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুমোদনের জন্য ৩৬৯টি নকশা জমা পড়ে। এতে সিডিএর রাজস্ব আয় হয় প্রায় ২০ লাখ টাকা।
আবাসন প্রতিষ্ঠান সিপিডিএলের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন বলেন, ‘এ ধরনের একটি নিয়ম দরকার ছিল। তবে এখন থেকে নকশা অনুমোদনে আগের তুলনায় বেশি সময় লাগবে। সব নকশায় প্রতিস্বাক্ষর বাধ্যতামূলক করা দরকার ছিল না।’
সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ অনুযায়ী এ নিয়ম জারি করা হয়েছে। এর ফলে নকশা অনুমোদনের প্রক্রিয়াটি হয়তো একটু কঠিন হবে। তবে প্রকৃত পেশাজীবী ও ভূমিমালিকেরা প্রতারণার হাত থেকে মুক্তি পাবেন। এ নিয়মের অজুহাতে যদি গ্রাহকদের হয়রানি করা হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সিডিএ ও আইএবি সূত্র জানায়, চট্টগ্রামে কতিপয় স্থপতি টাকার বিনিময়ে নকশায় স্বাক্ষর করতেন। তাঁরা নকশা প্রণয়নের কোনো পর্যায়ে যুক্ত থাকতেন না। ফলে ভবন নির্মাণে ত্রুটি পাওয়া গেলে ওই স্থপতিদের ডাকলেও পাওয়া যেত না। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, চট্টগ্রাম শাখার নেতারা এই স্থপতিদের দৌরাত্ম্য বন্ধে নতুন নিয়ম জারির দাবি জানিয়ে আসছিলেন।
স্থপতি ইনস্টিটিউটের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক সোহায়েল শাকুর বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এর ফলে কতিপয় স্থপতির স্বাক্ষরব্যবসা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি নকশা প্রণয়নকারী স্থপতিরাও জবাবদিহির মধ্যে থাকবেন।’
সিডিএর পরিকল্পনা শাখার একজন কর্মকর্তা বলেন, ‘ঢালাওভাবে না করে বড় বড় প্রকল্পের জন্য এ নিয়ম জারি করা উচিত ছিল। এখন ভবনমালিকদের নকশা অনুমোদন পেতে দু-একটি ধাপ বেশি পার হতে হবে। তখন সময়ও বেশি লাগবে। এ সময় তাঁদের ভোগান্তির বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।’