অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাটি অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ। গতকাল শনিবার নগরের কোতোয়ালি থানা থেকে স্বরাষ্ট্রসচিব বরাবর ডাকযোগে এ চিঠি পাঠানো হয়।
১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন। আদালত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।
বাদী অভিযোগে উল্লেখ করেন, এক-এগারো পরবর্তী সময়ে গোয়েন্দা সংস্থার দেওয়া খবর ছাপিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ক্ষতি করেছেন মাহ্ফুজ আনাম। এর মাধ্যমে তিনি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করেছেন।
চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, কারও বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। তাই নিয়ম অনুযায়ী রাষ্ট্রদ্রোহের মামলার এজাহার গ্রহণের আগে অনুমোদনের জন্য স্বরাষ্ট্রসচিব বরাবর ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে।