অনুমোদনের পরও ভর্তি হতে পারছেন না শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি কলেজে চলতি বছর থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ভর্তির আবেদনে কলেজের নামটি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ওই শ্রেণীতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না।
কলেজ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সরকারি কলেজে বর্তমানে পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। জেলার প্রত্যন্ত এলাকা থেকে এই কলেজে পড়তে আসেন শিক্ষার্থীরা। জেলার একমাত্র এই কলেজেই স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। ২০০১ সালে কলেজে চারটি বিষয়ে ওই কোর্স চালু হয়। চলতি বছর আরও ছয়টি বিষয় বাড়ানো হয়েছে। স্নাতক কোর্সের বিষয় বাড়ানোর সঙ্গে কলেজের বাংলা, ইতিহাস, দর্শন এবং হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিরও অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। স্নাতক (সম্মান) কোর্স ছাড়াও কলেজটিতে স্নাতক (ডিগ্রি) কোর্স চালু রয়েছে। এসব কোর্স শেষ করার পর উচ্চশিক্ষার জন্য কলেজের শিক্ষার্থীদের জেলার বাইরে যেতে হয়।
কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের হাওর এলাকার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের একমাত্র ভরসা এই কলেজ। অনেকেই আর্থিক সামর্থ্য না থাকার কারণে জেলার বাইরে গিয়ে উচ্চশিক্ষা নিতে পারেন না। চলতি বছর স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির অনুমোদন পাওয়ার পর এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত খুশি হয়েছিলেন। কিন্তু এখন ভর্তি হতে না পেরে তাঁরা হতাশ।
কলেজের এক কর্মকর্তা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে এবার ভর্তি-প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা যায়, অনলাইনে সুনামগঞ্জ সরকারি কলেজের নাম নেই। তাই কলেজের শিক্ষার্থীরা কোর্সটিতে আবেদন করতে পারছেন না। কলেজের নাম না থাকার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ অনেকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের মোশারফ হোসেন এবার এই কলেজ থেকে সম্মান কোর্স সম্পন্ন করেছেন। তিনি বলেন, ‘আশা করেছিলাম এবার এখানেই স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হতে পারব। কিন্তু পারিনি।’
সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম বলেন, ‘আমরা বারবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেছি। কোনো সদুত্তর না পেয়ে কলেজ থেকে তিনবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোক পাঠানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। তবে আমরা এখনো আশা ছাড়িনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।’