অনুমোদিত সাইনবোর্ড ব্যবহার না করলে গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার আওতাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩১ মার্চের মধ্যে অনুমোদিত আকারের সাইনবোর্ড ব্যবহারের অনুরোধ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিজ উদ্যোগে সব দেয়াল লিখন মুছে ফেলার অনুরোধ করা হয়েছে।
নিজ উদ্যোগে না করলে নির্দেশ অমান্যকারী ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়ির মালিক, বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে মামলা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎ ও পানি-সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত সোমবার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু ব্যবসাপ্রতিষ্ঠান অনুমোদিত আকারের সাইনবোর্ডের চেয়ে বড় আকারের সাইনবোর্ড ব্যবহার করছে। বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়াল ও সীমানাপ্রাচীর, বিপণিবিতান এবং উড়ালসেতুতে ছবি-লিখনের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
এসব অপরাধে ইতিমধ্যে ৪২টি বাড়ির মালিক ও সংস্থার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।