নিয়মতান্ত্রিক অনুমোদন ও কার্যাদেশ ছাড়াই দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সম্প্রতি প্রায় সোয়া কোটি টাকার কাজ দেওয়া হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদন ও কোনো কার্যাদেশ ছাড়া গোপন দরপত্রের মাধ্যমে মেসার্স জাহের মৃধা এন্টারপ্রাইজ ও মেসার্স আহামঞ্চদ অ্যান্ড কোং নামের প্রতিষ্ঠান দুটিকে এক কোটি ১০ লাখ টাকার কাজ দেওয়া হয়েছে। এ ব্যাপারে একজন ঠিকাদার আপত্তি জানালে মুখ আটকাতে তাঁকেও একইভাবে সাত লাখ টাকার কাজ দেওয়া হয়।
সূত্র আরও জানায়, টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সীমানা প্রাচীর (পেরিমিটার) নির্মাণে সম্প্রতি ৭০ লাখ টাকার কাজের গোপন দরপত্র আহ্বান করা হয়। উৎকোচের বিনিময়ে মেসার্স জাহের মৃধা এন্টারপ্রাইজকে এ কাজ দেওয়া হয়। অনুমোদন ও কার্যাদেশ না নিয়েই প্রতিষ্ঠানটি কয়েক দিন আগে নির্মাণকাজ শুরু করে। একই স্থানে মহিলা ব্যারাকের প্রাচীর নির্মাণে একই পন্থায় মেসার্স আহামঞ্চদ অ্যান্ড কোং প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকার কাজ দেওয়া হয়। এ ঘটনায় ঠিকাদারদের মধ্যে অসন্তোষ দেখা দিলে প্রতিবাদী এক ঠিকাদারকে দেওয়া হয় আরও সাত লাখ টাকার কাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ঠিকাদার অভিযোগ করেন, স্থানীয় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তফা কামাল ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএ) মো. আজাদ হোসেন এবং উপসহকারী প্রকৌশলী এ জেড এম সামসুল করিমের ইন্ধনে এ বিভাগে একটি ঠিকাদারি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। বিভাগটির প্রকৌশলীরা দরপত্র ছাড়াই এভাবে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেন। বিনিময়ে উৎকোচ হিসেবে নেন মোটা অঙ্কের অর্থ।
স্থানীয় ঠিকাদারদের সূত্র জানায়, আজাদ হোসেন সম্প্রতি জেলা বক্ষব্যাধি হাসপাতাল, জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মেরামতকাজের কমিশন বাবদ ১৫-২০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অপরদিকে মোস্তফা কামাল ও সামসুল করিম ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বাবদ বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।
সাধারণ ঠিকাদারদের অভিযোগ, গোপন দরপত্রের কারণে প্রতিটি কাজে মাত্র দুই থেকে তিনটি সিডিউল বিক্রি হয়। প্রতিযোগিতামূলক দরপত্র দাখিলের সুযোগ থাকলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করত। পাশাপাশি কমত প্রকল্প ব্যয়। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. গিয়াসউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগ থেকে তিনি দরপত্রের কোনো নোটিশ পাননি।
গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘দরপত্র ছাড়া কারাগারের কাজ করার বিষয়ে নির্বাহী প্রকৌশলী আমার সঙ্গে কোনো পরামর্শ করেননি। তবে শুনেছি, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সঙ্গে কথা বলে ওই প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন তিনি।’
নির্বাহী প্রকৌশলী বলেন, ‘টর্নেডোতে কারাগারের সীমানাপ্রাচীর ভেঙে যাবার পর তাড়াহুড়ো করে টেন্ডার ছাড়া ঠিকাদারকে কাজ করার অনুমতি দিয়েছি।’ তবে ঠিকাদারদের কাছ থেকে উৎকোচ গ্রহণের বিষয়টি তিনি অস্বীকার করেন।
এদিকে অপর দুই অভিযুক্ত ব্যক্তি আজাদ হোসেন ও সামসুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ ব্যাপারে তাঁদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।