আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) অনুমোদন ছাড়াই ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে চলাচল শুরু করেছে ‘দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট’ নামের একটি বাস সার্ভিস। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ বাস টার্মিনালে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ নয়ন।
নতুন বাস সার্ভিস চালুর প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক ঐক্যজোট টার্মিনাল এলাকায় নিজস্ব কার্যালয়ে গতকাল সংবাদ সমেঞ্চলন করে। এতে বক্তব্য দেন ঐক্যজোটের সভাপতি ও আনন্দ পরিবহনের চেয়ারম্যান লুৎফর রহমান, জোটের সাধারণ সম্পাদক হাসানুর রহমান প্রমুখ।
সংবাদ সমেঞ্চলনে বক্তারা বলেন, চাঁদাবাজ চক্রের হাত থেকে আনন্দ পরিবহন, বন্ধন ট্রান্সপোর্ট ও নসিব পরিবহনকে মুক্ত করার পর আমরা দুই টাকা করে ভাড়া কমিয়েছি। এর পরও সাধারণ মালিকেরা তাঁদের গাড়ি থেকে আগের তুলনায় বেশি আয় পাচ্ছেন। কিন্তু আগের চাঁদাবাজ মুক্তার হোসেন, জয়নাল আবেদীন, দিদার গং একত্র হয়ে আবারও চাঁদাবাজদের প্রভাব তৈরি ও নারায়ণগঞ্জের পরিবহন খাতকে অস্থিতিশীল করার জন্য একটি পরিবহন চালুর পাঁয়তারা শুরু করে। বিষয়টি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।
বক্তারা জানান, নতুন বাস সার্ভিস চালু করতে হলে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন আরটিসি, পুলিশের ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশনের অনুমোদন এবং বিআরটিএ ও কোম্পানি আইনের নিবন্ধন থাকতে হবে। তাঁরা প্রশাসনকে তিন দিনের সময়সীমা বেঁধে দেন।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, নতুন বাস সার্ভিস চলাচলের কোনো অনুমতি পুলিশের কাছ থেকে নেওয়া হয়নি। সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নতুন পরিবহন চালুর আগে সিটি করপোরেশনের মতামত নিতে আরটিসির চেয়ারম্যান জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। আমাদের কাছ থেকে এ ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি।’
জেলা প্রশাসকের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
নিউ আনন্দ পরিবহনের চেয়ারম্যান মুক্তার হোসেন বলেন, ‘আমাদের গাড়িগুলো আগের গাড়ি, নতুন কিছু না। আমরা যাঁরা আনন্দে ছিলাম, বর্তমানে নেই, এগুলো তাঁদের গাড়ি। এগুলোর নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’