অনুমোদন ছাড়াই একের পর এক আবাসন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো রকম অনুমোদন ছাড়াই খুলনা মহানগর ও মহানগরের বাইরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) অধীন এলাকাগুলোয় গড়ে উঠছে একের পর এক আবাসন প্রকল্প। বাহারি সাইনবোর্ড দিয়ে এসব প্রকল্পে জমি কিনতে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে। এভাবে অপরিকল্পিতভাবে আবাসন প্রকল্প গড়ে ওঠায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান দিলীপ কুমার দত্ত বলেন, অপরিকল্পিত আবাসন প্রকল্পের কারণে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। আবাসন প্রকল্প গড়ে তোলার জন্য পানির প্রবাহ আছে কি না ও সংশ্লিষ্ট এলাকার মাটির অবকাঠামো ধারণ করার ক্ষমতা আছে কি না, সেটা যাচাই করে দেখতে হবে। যেভাবে খাল, বিল ও জলাশয় ভরাট করে প্রকল্প গড়ে তোলা হচ্ছে তাতে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ছাড়াও অনেক এলাকা কেডিএর অধীনে রয়েছে। যেমন নগরের উত্তরে যশোরের নওয়াপাড়া পৌর এলাকার উত্তর সীমানা, দক্ষিণে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী, পূর্বে রূপসা উপজেলার সম্পূর্ণ অংশ ও পশ্চিমে ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার পর্যন্ত এলাকা। এসব এলাকার মধ্যে কোনো ধরনের আবাসিক প্রকল্প গড়ে তুলতে কেডিএর অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু অর্ধশতাধিক আবাসনপ্রতিষ্ঠানের অনুমোদন না থাকলেও তারা প্লট বিক্রি করছে।কেডিএর সহকারী পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ জানান, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী আবাসন প্রকল্প গড়ে তুলতে প্রাথমিকভাবে উদ্যোক্তা ও পরামর্শক নিবন্ধন করতে হবে। যার জমি তিনি হচ্ছেন উদ্যোক্তা এবং পরামর্শক (বিশেষজ্ঞ) হচ্ছেন পরিকল্পনাবিদ ও স্থপতি। এরপর ট্রেড লাইসেন্স (ব্যবসার অনুমতিপত্র), করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও মূল্য সংযোজন করের (ভ্যাট) নিবন্ধন নম্বর লাগবে। এ ছাড়া বিশেষজ্ঞদের নিজস্ব প্রতিষ্ঠানের নিবন্ধন থাকতে হবে।একই আইন অনুযায়ী, আবাসন প্রকল্পের জন্য ন্যূনতম ১০ একর জমি থাকতে হবে। প্রকল্প এলাকায় মূল সড়ক ৬০-৪০ ফুট চওড়া ও ভেতরের সড়ক ২৫ ফুট চওড়া হতে হবে। এ ছাড়া প্রকল্প এলাকায় বিদ্যালয়, কলেজ, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, বাজার ও পুলিশ ফাঁড়ির জায়গা থাকতে হবে।সরেজমিনে দেখা গেছে, আইন লঙ্ঘন করে কেডিএর অধীন এলাকায় হানিফ মোহাম্মদ, খানজাহান নগর, আরাফাত, মাদানীনগর, রাজদীপ, ন্যাশনাল, মহানগর আবাসন প্রকল্প, অর্পিতা হাউজিং প্রকল্প, মাদানী সোসাইটি, আশিকনগর, সাউদ বাংলা, শান্ত নীড় হোল্ডিং রিয়েল এস্টেট প্রকল্প, যুবক হাউজিং রিয়েল এস্টেটসহ বেশ কিছু আবাসন প্রকল্প গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে ২, ৩, ৫ ও ১০ কাঠার প্লট বিক্রি করছে। খোঁজ নিয়ে জানা গেছে, আরাফাত আবাসন প্রকল্প ছাড়া অন্য সব প্রকল্পেরই আইন অনুযায়ী নির্ধারিত জমি নেই। অনেকগুলোয় যে পরিমাণ প্রশস্ত সড়ক থাকার কথা তা-ও নেই। অন্যান্য সুযোগ-সুবিধার কোনো কিছুই নেই বললেই চলে। খুলনার জিরো পয়েন্ট এলাকায় গড়ে ওঠা কাদের হাউজিং প্রকল্প, হানিফ মোহাম্মদ আবাসন প্রকল্প, বটিয়াঘাটার নিজ খামার এলাকার মহানগর আবাসন প্রকল্প, মাদানীনগর আবাসন প্রকল্প, অর্পিতা হাউজিং প্রকল্পে গিয়ে দেখা যায়, পাঁচ-ছয় একর জমি নিয়ে ছোট ছোট আবাসন প্রকল্প গড়ে তুলে প্লট বিক্রি চলছে।হানিফ মোহাম্মদ আবাসন প্রকল্পের মালিক হানিফ উদ্দিন বলেন, হাতে গোনা দু-একটি প্রকল্প ছাড়া অধিকাংশ আবাসন প্রকল্প অল্প জমি নিয়ে প্লট করে বিক্রি করছে। খুলনার কোনো আবাসন প্রকল্প কেডিএর কাছ থেকে কোনো অনুমোদন নেয়নি।আরাফাত আবাসন প্রকল্পের মালিক আরিফুর রহমান দাবি করেন, সব সুযোগ-সুবিধা রেখে তাদের প্রকল্প করা হয়েছে। তবে কেডিএর অনুমোদন নেওয়া হয়নি। শিগগিরই নিবন্ধন করা হবে।কেডিএর পরিকল্পনা কর্মকর্তা মজিবুর রহমান বলেন, কেডিএর মধ্যে গড়ে ওঠা আবাসন প্রকল্পগুলোর কোনোটিরও অনুমোদন নেই। আবাসন প্রকল্পের উদ্যোক্তা ও পরামর্শক নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যেসব আবাসন প্রকল্প নিবন্ধিত হবে না সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।