গাইবান্ধা শহরের পৌর কবরস্থানের বিভিন্ন জাতের প্রায় ৩৫টি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। গাইবান্ধা বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবদুল মজিদ বলেন, যেকোনো সরকারি গাছ কাটার আগে বন বিভাগের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু পৌর কবরস্থানের গাছ কাটার বিষয়ে বন বিভাগের অনুমোদন নেওয়া হয়নি। গত সোমবার ওই কবরস্থানে গিয়ে দেখা গেছে, যত্রতত্র গাছের গুঁড়ি পড়ে রয়েছে। কবরগুলো ঘিরে রাখা বাঁশের বেড়া ভেঙে পড়েছে। এলাকাবাসী জানান, গাছগুলো কবরস্থানের শোভা বৃদ্ধি করছিল। কিন্তু হঠাৎ করে গত দুই সপ্তাহে গাছগুলো কেটে ফেলা হয়েছে। এখন পুরো এলাকা ফাঁকা হয়ে গেছে। এই কবরস্থানে অসংখ্য মেহগনি, নিম, কদম, আম, জাম, পেয়ারা, অর্জুন ও কড়ইসহ বিভিন্ন মূল্যবান গাছ ছিল। এলাকাবাসীর অভিযোগ, কবরস্থানের উন্নয়নের নামে পৌর মেয়র নিজের পকেট ভারী করার জন্য দরপত্র আহ্বান কিংবা কোনো রকম ঘোষণা ছাড়াই গাছগুলো কেটে ফেলেছেন।অভিযোগের ব্যাপারে গাইবান্ধা পৌর মেয়র শামছুল আলম বলেন, কবরস্থানের বেশ কিছু গাছ মারা যায়। এসব গাছের ডালপালায় কবরস্থানটি জঙ্গলে পরিণত হয়। এসব পরিষ্কারের জন্য র্দীঘদিন ধরে এলাকার মুসল্লিরা অনুরোধ জানিয়ে আসছিলেন। তাই কয়েকটি অপ্রয়োজনীয় কদমগাছসহ মরে যাওয়া গাছ ও ডালপালা কাটা হয়েছে। মেয়র বলেন, বর্তমানে কবরস্থানের উন্নয়নের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। উন্নয়নের স্বার্থে কবরস্থানটি পরিষ্কার করা প্রয়োজন ছিল। পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী গাছগুলো কাটা হয়েছে। তবে পৌরসভার প্যানেল মেয়র জি এম চৌধুরী বলেন, সভায় কবরস্থানের পুরাতন ডাল ছেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গাছ কাটার কোনো সিদ্ধান্ত হয়নি। কেন গাছ কাটা হলো সেটা তাঁর বোধগম্য নয়।জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক বলেন, কবরস্থানের গাছ কর্তনের বিষয়টি তিনি জানেন না। সরকারি অনুমোদন ছাড়া গাছ কাটার কোনো বিধান নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।