অনুমোদন ছাড়াই চলছে পানির কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ও রসায়নবিদ (কেমিস্ট) ছাড়াই বিশুদ্ধ পানি উৎপাদন এবং সরবরাহ করার অভিযোগে গত সোমবার রাজশাহীতে তিনটি কারখানায় অভিযান চালিয়ে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই রাজশাহী অঞ্চল সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোফাচ্ছেরুল ইসলাম বেলা একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আদালত পরিচালনা করেন। এতে বিএসটিআই রাজশাহী অঞ্চলের মাঠকর্মী শাহাদত হোসেন উপস্থিত ছিলেন। আদালত পরিচালনায় সহযোগিতা করে র‌্যাব-৫। অভিযান চলাকালে দেখা যায়, বরেন্দ্র ইন্ডাস্ট্রিজের বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। এ অভিযোগে তাদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এনবি ইন্ডাস্ট্রিজের কারখানায় কোনো রসায়নবিদ পাওয়া যায়নি। তা ছাড়া তাদের অনুমোদনও নবায়ন করা হয়নি। তারা বিএসটিআই প্রদত্ত রেজিস্টারও সংরক্ষণ করে না। আদালত তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন। জাগোরাজ ইন্ডাস্ট্রিজে কোনো রসায়নবিদ পাওয়া যায়নি। তাদের অনুমোদনও নবায়ন করা হয়নি। আদালত তাদের আট হাজার টাকা জরিমানা করেন।