অনুমোদন ছাড়াই দুটি শাখা ক্যাম্পাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নগরে অনুমোদনহীনভাবে দুটি শাখা ক্যাম্পাস পরিচালনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর একটি রয়েছে নগরের নাসিরাবাদ এলাকায়। অপরটি গড়ে তোলা হয়েছে প্রবর্তক মোড়ের একটি বহুতল ভবনে। এ বিষয়ে জানতে গতকাল শনিবার সন্ধ্যায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল হুদা শিকদারের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি এ সম্পর্কে ফোনে কিছু বলতে অপারগতা জানান এবং তাঁর কার্যালয়ে দেখা করতে বলেন। গত বছরে প্রথম আলোতে প্রকাশিত অপর প্রতিবেদনের সূত্র ধরে বিশ্ববিদ্যালয়ের নাসিরাবাদ ক্যাম্পাস সম্পর্কে জানতে চাইলেও তিনি একই মন্তব্য করেছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিজিসি বিদ্যানগরে। কিন্তু নগরের নাসিরাবাদের বায়েজিদ বোস্তামী এলাকায় গড়ে তোলা হয় বিশ্ববিদ্যালয়ের নগর ক্যাম্পাস। এর নাম দেওয়া হয় বিজিসি বিদ্যানিকেতন। এখানে দীর্ঘদিন ধরে এলএলবি, বিবিএ ও ফার্মেসি বিষয়ে ভর্তি ও পাঠদান কার্যক্রম চালানো হচ্ছিল। এ অবস্থায় এ বছরের শুরুতে প্রবর্তক মোড় এলাকার ফজল টাওয়ারের চতুর্থ থেকে ষষ্ঠ তলায় স্থানান্তর করা হয় এলএলবি ও ফার্মেসি বিভাগ। সেখানে গড়ে তোলা হয় আরেকটি নতুন ক্যাম্পাস। বিদ্যানিকেতনে বিবিএ এবং এমবিএ কার্যক্রম চালু রাখা হয়। সড়কের পাশে গড়ে তোলা নতুন ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হবে বলে দুই বিভাগের শিক্ষার্থীরা এর বিরোধিতা করেন। তাঁরা ১১ জানুয়ারি নতুন ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ দাবি করেন। তাঁদের পুরোনো ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ারও দাবি তোলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন বলে জানা যায়। কিন্তু এর পরও কোনো দাবি পূরণ হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে এলএলবি এবং ফার্মেসি বিভাগের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের শ্রেণী-কার্যক্রম বন্ধ। কাল সোমবার তা আবার চালু হওয়ার কথা রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এলএলবির একজন শিক্ষার্থী অভিযোগ করেন, ‘আমাদের ভর্তি ও পাঠদান চলেছে বায়েজিদ বোস্তামী এলাকার বিদ্যানিকেতনে। গত বছরের অক্টোবর-নভেম্বরে আমরা জানতে পারি, ফার্মেসি ও এলএলবি বিভাগ স্থানান্তরিত হবে প্রবর্তক মোড়ের একটি ক্যাম্পাসে। কিন্তু এবার ক্যাম্পাস পরিবর্তনের সময় আমাদের কাউকে কিছু জানানো হয়নি। আমরা আমাদের পুরোনো ক্যাম্পাসে ফিরে যেতে চাই। কারণ, এখানে কোনো পড়াশোনার পরিবেশ নেই।’