অনুমোদন ছাড়াই সুপেয় পানি বাজারে
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় খাদ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান সুপেয় পানির কারখানা স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি জারে ভরে পানি সরবরাহ করছে। বাজারজাত করা পানির এমন একটি জারে সম্প্রতি শ্যাওলা পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির সরবরাহ করা পানির জারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ উল্লেখ নেই।খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খিলপাড়া গ্রামের কালাবিবির দিঘির মোড়ে জেসি ফুড প্রোডাক্টস লিমিটেড নামক খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সুপেয় পানির কারখানা স্থাপন করে। এ খবর জানার পর স্থানীয় লোকজন ২০০৯ সালের ২৭ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে অননুমোদিত কারখানাটি বন্ধের আবেদন করেন। ওই অভিযোগের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান অভিযোগ খতিয়ে দেখতে উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলীকে দায়িত্ব দেন। প্রকৌশলী তদন্ত করে অভিযোগের সত্যতা পান বলে জানিয়েছেন। ওই বছরের ৩১ ডিসেম্বর উপজেলা পরিষদের সভায় এ ব্যাপারে আলোচনার পর কারখানাটি বন্ধের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পরে তা বন্ধ হয়নি। এ সুযোগে প্রতিষ্ঠানটি তখন থেকেই সুপেয় পানি বাজারজাত করে আসছে।জানতে চাইলে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোহামঞ্চদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘জেসি ফুডস কোনো ধরনের অনুমোদন নেয়নি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’সরেজমিনে দেখা গেছে, জেসি ফুড প্রোডাক্টসের ময়দার কারখানার পাশে জায়গা নিয়ে সুপেয় পানির কারখানা করা হয়েছে এবং গভীর নলকূপ বসানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কারখানাটি হলে খিলপাড়া, বেলচূড়া ও শোলকাটায় পানির স্তর নিচে নেমে গিয়ে সমস্যা হতে পারে।’অভিযোগ রয়েছে, ২৭ মে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের একটি হোটেলে জেসির সুপেয় পানির জারে শ্যাওলা ভাসতে দেখেন দোকানদার ও গ্রাহকেরা। পরে আনোয়ারা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ জারটি জব্দ করে। এ ছাড়া ২০১০ সালের ২৪ ডিসেম্বর এ প্রতিষ্ঠান থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা অননুমোদিতভাবে ময়দার মিলে আটা তৈরি করায় তখন এ দণ্ড দেওয়া হয়।নিজেকে কারখানার পরিচালক পরিচয় দিয়ে ফরিদুল আলম চৌধুরী নামের এক ব্যক্তি বলেন, ‘সামান্য নলকূপ বসিয়ে আমরা পানি তুলব। তাতে কী সমস্যা!’ তবে তিনি কারখানার অনুমোদন নেওয়া হয়নি বলে স্বীকার করেছেন। জেসি ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আবু সৈয়দ বলেন, ‘এসব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।’ তবে পরিবেশ অধিদপ্তর বা অন্য কোনো কর্তৃপক্ষ থেকে অনুমতি নেওয়া হয়নি বলে তিনি স্বীকার করে বলেন, ‘কারখানাটি স্থাপন করার জন্য ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে।’ ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে সুপেয় পানির কারখানা করা যায় কি না, জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।