চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক শিক্ষা ছুটির অনুমোদন না নিয়েই প্রায় সাড়ে পাঁচ বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সিন্ডিকেট সভার ১২ নম্বর আলোচ্যসূচিতে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এ শিক্ষকের নাম জয়নাল আবেদীন। তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক।বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এ কে এম তফজল হক প্রথম আলোকে বলেন, বিনা অনুমতিতে চাকরিতে অনুপস্থিত থাকায় জয়নাল আবেদীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নোটিশের কোনো উত্তর দেননি, যা চাকরি বিধির ৮(২) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। তাঁর বিষয়ে সিদ্ধান্ত নিতে সিন্ডিকেট সভায় আলোচ্যসূচি রাখা হয়েছে।প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাকরিতে যোগদান এবং অনুপস্থিতির কারণ দর্শানোর জবাব দিতে শিক্ষক জয়নালের কাছে গত বছরের ১৯ আগস্ট চিঠি পাঠায়। ১০ দিনের মধ্যে চিঠির উত্তর দিতে বলা হয়। সর্বশেষ ৩১ অক্টোবর স্থানীয় বিভিন্ন দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তখনো ১০ দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনো চিঠি বা বিজ্ঞপ্তির কোনো উত্তর দেননি।বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে অনুপস্থিতির বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে এবং চাকরিতে যোগ দিতে ব্যর্থ হলে ২০০৫ সালের ২৫ আগস্ট থেকেই জয়নালকে চাকরি থেকে অপসারণ করা হবে।এ বিষয়ে যোগাযোগ করা হলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সফিউল আলম প্রথম আলোকে জানান, কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক জয়নালের অনুমোদনহীন ছুটির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।প্রশাসন সূত্রে জানায়, জয়নাল ২০০৫ সালের ২৫ আগস্ট শিক্ষা ছুটির জন্য আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁর আবেদন মঞ্জুর করেনি। বর্তমানে তিনি কোন দেশে আছেন—এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষ ছুটি না দিলেও জয়নাল তখন থেকে বিভাগের শিক্ষা কার্যক্রমে অনুপস্থিত। বিভাগের সভাপতি শাহাদাত হোসেন গত বছরের ১২ এপ্রিল কর্তৃপক্ষকে দেওয়া এক চিঠিতে বিষয়টি জানান।বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অবশ্য বিভাগীয় সভাপতি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। দেশের বাইরে থাকায় ওই শিক্ষকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।