অনুমোদন ছিল না পুড়ে যাওয়া হোটেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরার সি শেল হোটেলে গত সোমবার আগুন লাগে। প্রথম আলো ফাইল ছবি
উত্তরার সি শেল হোটেলে গত সোমবার আগুন লাগে। প্রথম আলো ফাইল ছবি

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে পুড়ে যাওয়া সি শেল হোটেল অ্যান্ড রেসিডেন্স নামের আবাসিক হোটেলটির কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ ছাড়া পুড়ে যাওয়া সি শেল গ্রুপের রেস্তোরাঁ ভবনের সঙ্গে আবাসিক হোটেলটির দুটি তলার সংযোগ পথগুলোও অনুমোদন ছাড়াই করা হয়েছিল।
রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘এই হোটেলের কোনো অনুমোদন নেই। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’
গত সোমবার ভোরে সি শেল গ্রুপের রেস্তোরাঁ ভবনে সূত্রপাত হওয়া আগুন অনুমোদনহীন ওই সংযোগপথ দিয়েই উত্তর পাশের আবাসিক হোটেলে ছড়িয়ে পড়ে। আগুনে ওই হোটেলের ৩০২ নম্বর কক্ষে দুজনের মৃত্যু হয়। আগুনে রেস্তোরাঁ ভবনের দক্ষিণ পাশের ছয়তলা ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়।
গতকাল রাজউকের সূত্র বলেছে, পুড়ে যাওয়া তিনটি ভবনই আগে ছিল আবাসিক। আবাসিক থেকে ভবন তিনটির জন্য অনাবাসিক হিসেবে অনুমোদন নেওয়া হয়। তিনটি ভবনেই বিভিন্ন দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ছয়তলা একটি ভবনের তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত আবাসিক হোটেল করা হয়। রেস্তোরাঁ ভবনটি চারতলা।
আগুনের সূত্রপাত হওয়া রেস্তোরাঁ ভবনটি ১১৩/বি প্লটে। এই ভবনের মালিক মো. আমানউল্লাহ। রেস্তোরাঁটিও তাঁর। উত্তর পাশের ২/এ ছয়তলা ভবনটির মালিক মো. আবু হানিফ। সেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা ভাড়া নিয়ে দুটি তলায় সি শেল হোটেল অ্যান্ড রেসিডেন্স করেন আমানউল্লাহ। ১১৩/বি নম্বর প্লটের সি শেল ভবন ২০০০ সালে অ-আবাসিকে রূপান্তর করা হয়। এর তৃতীয় ও চতুর্থ তলার সঙ্গে উত্তর পাশের ভবনের আবাসিক হোটেলের তৃতীয় ও চতুর্থ তলায় যাতায়াতের সংযোগপথ করা হয়েছে। রাজউক সূত্র বলেছে, এই দুটি ভবনের মধ্যে দুটি সংযোগপথ করা হয়েছে অবৈধভাবে। এখানে হোটেল বা সংযোগপথ করার বিষয় নকশায় নেই। তাই এগুলো অবৈধ।
ফায়ার সার্ভিস, উত্তরা পূর্ব থানা সূত্র বলেছে, সংযোগপথ দিয়েই আবাসিক হোটেলে আগুন ছড়িয়েছে। হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থাও নেই। সংযোগপথ না থাকায় দক্ষিণ পাশের ছয়তলা ভবনটিতে আগুন ততটা ছড়ায়নি।
যোগাযোগ করা হলে আবাসিক হোটেল থাকা ছয়তলা ভবনটির মালিক মো. আবু হানিফ প্রথম আলোকে বলেন, ‘নকশা সংশোধন করে হোটেল করার কথা। দুটি ভবনের মধ্যে সংযোগ পথ করতে দেওয়া বোকামি হয়েছে।’
রাজউকের সূত্র বলেছে, অনাবাসিক ভবন হলেও যেহেতু ওই এলাকায় ভবনগুলোর অনুমোদনপত্রে বলা আছে, ভবনে স্ন্যাক্স বার বা রেস্তোরাঁ করা যাবে, হোটেল নয়। ভবনের ভেতরে নকশার ব্যত্যয় অনেকেই করে। কিন্তু দুটি ভবনের মধ্যে যে সংযোগ পথ করা হয়েছে, তা বাইরে থেকেই বোঝা যায়।
এ বিষয়ে রাজউকের উত্তরা এলাকার অথরাইজড কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, তিনটি ভবনই অনেক পুরোনো। তাই ভবনগুলোর বিষয়ে নজর দেওয়া যায়নি। মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০০ ও ২০০২ সালে আবাসিক ভবন থেকে অনাবাসিকের অনুমোদন নেওয়া হয়। দুটি ভবনের মধ্যে সংযোগ পথ তৈরির বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অনুমতির বাইরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে সি শেলের মালিক মো. আমানউল্লাহ প্রথমে বলেন, ‘এখানে অবৈধভাবে হোটেল করা হয়নি। যা কিছু আছে সবই বৈধ।’ রাজউকের অনুমোদনের শর্তের বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন, ‘বৈধ কি না আমি জানি না। তবে ট্রেড লাইসেন্স, গ্যাস-বিদ্যুতের বৈধ সংযোগ আছে।’
রাজউক সূত্র বলেছে, উত্তরা ১০ নম্বর সেক্টরে সি শেল গ্রুপের আরেকটি হোটেল রয়েছে। ওই প্লটও অনাবাসিক হিসেবে অনুমোদিত।
গতকাল সকালে উত্তরায় গিয়ে দেখা যায়, সোমবারের আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি ভবনেই নিরাপত্তাবেষ্টনী দেওয়া। দূর থেকে যতটুকু বোঝা যায়, দুটি ভবনের সংযোগ পথের গ্রিল পুড়ে কালো হয়ে আছে। ভবন দুটির সিঁড়ি, বারান্দায় পুড়ে যাওয়া জিনিস রয়েছে। কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। তিন ভবনে থাকা সব দোকান ও প্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে দক্ষিণ দিকের ছয়তলা ভবনে থাকা বেসরকারি একটি বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকায় কিছু গ্রাহক ফিরে যান। তিন ভবন মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
সেখানে থাকা উত্তরা পূর্ব থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, নিরাপত্তার স্বার্থে এই বেষ্টনী দেওয়া হয়েছে। তবে পরিষ্কার করার জন্য দুপুরে ব্যাংকসহ বিভিন্ন অফিসের লোকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ শনাক্তকরণ দল (ক্রাইম সিন ইউনিট) আবাসিক হোটেল ও রেস্তোরাঁ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।