অনুমোদন না করায় প্রধান শিক্ষকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ স্কুলের ভুয়া তালিকা অনুমোদন না দেওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় খন্দকার জাকির হোসেন নামের একজন শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গত বৃহস্পতিবার স্কুলের কার্যালয়কক্ষে ঢুকে সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করে। তিনি উপজেলার সিন্দুরখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
জাকির হোসেনের অভিযোগ, সিন্দুরখান আনন্দ স্কুলের শিক্ষক নাজমুল হোসেন গত ১২ এপ্রিল ৩২ জন শিক্ষার্থীর একটি তালিকা তাঁকে দেন। বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষককে নিয়ে যাচাই-বাছাই করে ওই তালিকা থেকে নয়জনের নাম তিনি বাদ দেন। ২৬ জনের চূড়ান্ত তালিকা সিল-স্বাক্ষর দিয়ে আনন্দ স্কুল কর্তৃপক্ষকে তিনি বুঝিয়ে দেন। গত বৃহস্পতিবার নাজমুল ৩৫ জন শিক্ষার্থীর আরও একটি তালিকা নিয়ে স্কুলে আসেন এবং কোনো যাচাই-বাছাই ছাড়া তালিকাটি অনুমোদন করিয়ে নিতে চান। তিনি যাচাই-বাছাই ছাড়া অনুমোদন দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় মোটরসাইকেলে করে ছয়জন যুবক এসে স্কুলের অফিসকক্ষে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে জখম করেন।
জানা গেছে, আনন্দ স্কুল বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালনা করে। এ স্কুলে যেন আশপাশের প্রাথমিক বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী না থাকে, এ কারণে তাদের একটি তালিকা দিয়ে পাশের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অনুমোদন নিতে হয়। এই অনুমোদনকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে।