অনুমোদন না নিয়ে কিস্তি আদায়
বগুড়ার শেরপুরে ‘দারিদ্র্য যুব উন্নয়ন নারী কল্যাণ সংস্থা’ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) সভানেত্রী নাসরিন আক্তার ওরফে ফরিদাকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণার মাধ্যমে নারী সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।ওই এনজিওর সদস্য উপজেলার নওদাপাড়া গ্রামের আসমা বেগম বৃহস্পতিবার প্রতারণার মাধ্যমে এক লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নাসরিন আক্তারের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, ১২টি কিস্তিতে ৬০০ টাকা দিলে একটি গরু, ছয়টি কিস্তিতে ৩০০ টাকা দিলে এক বান্ডিল (সাত-নয়টি) ঢেউটিন এবং ছয়টি কিস্তিতে ২৪০ টাকা দিলে একটি সেলাই মেশিন অথবা ছাগল পাওয়া যাবে। প্রতি সপ্তাহে কিস্তির টাকা পরিশোধ করতে হবে। ওই এনজিওর দরিদ্র নারী সদস্যদের এমন লোভনীয় প্রস্তাব দিয়ে নাসরিন আক্তার লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান জানান, ওই এনজিওর নেত্রী সাপ্তাহিক কিস্তির নামে টাকা আদায় করার জন্য সংশ্লিষ্ট কোনো কার্যালয় থেকে কোনো অনুমোদন নেননি।জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিদর্শক রেজানুর রহমান জানান, দারিদ্র্য যুব উন্নয়ন নারী কল্যাণ সংস্থা নামে কোনো এনজিওকে তাঁরা কার্যক্রম চালানোর বিষয়ে অনুমোদন দেননি। ওই এনজিওর শেরুয়া বটতলা কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক এস এম রানা জানান, সব মিলিয়ে সদস্যসংখ্যা ৩০০। প্রত্যেক সদস্যের কাছ থেকে নাসরিন আক্তার সপ্তাহে ৪০-৫০ টাকা করে আদায় করেছেন। নাসরিন আক্তার স্বীকার করেন, এভাবে কিস্তির টাকা আদায় করার বিষয়ে তাঁর কোনো অনুমোদন নেই।