অনুমোদন নেই, তবু তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাজ কুমার সাহা ছয় বছরের বেশি সময় ধরে নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, তাঁর নিয়োগ বৈধ হয়নি। এর আগে অধ্যক্ষ পদে তাঁর নিয়োগ অনুমোদন দেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টির মোকাবিলায় তাঁর দায়ের করা মামলাও খারিজ করে দিয়েছেন আদালত। অবৈধভাবে বিরাজ কুমারকে কলেজের পরিচালনা পরিষদ বহাল রেখেছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৮ মে নারায়ণগঞ্জ কলেজে অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। একই বছরের ২৭ আগস্ট সাক্ষাৎকার নেওয়া হয়। একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৎকালীন সহকারী অধ্যাপক বিরাজ কুমার সাহাও ওই পদের জন্য আবেদন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা কলেজের অধ্যক্ষকে সাক্ষাৎকার বোর্ডের প্রতিনিধি মনোনীত করে। কিন্তু সাক্ষাৎকার গ্রহণের দিন ঢাকা কলেজের অধ্যক্ষ নিজে না এসে অন্য একজন অধ্যাপককে তাঁর প্রতিনিধি হিসেবে পাঠান। সাক্ষাৎকার বোর্ডের সুপারিশ অনুযায়ী, বিরাজ কুমারকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন তিনি। কিন্তু সাক্ষাৎকার বোর্ডে ঢাকা কলেজের অধ্যক্ষ উপস্থিত না থাকায় বিরাজ কুমারকে অধ্যক্ষ পদে অনুমোদন দেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর কলেজ পরিচালনা পর্ষদ ১১ নভেম্বর বিরাজ কুমারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়। ২০০৮ সালের ৩০ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শক ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তা আবদুল গফুর তাঁর নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করেন, অধ্যক্ষ পদে বিরাজ কুমারকে নিয়োগের অনুমোদন দেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়। পরে তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। তা-ও বৈধ নয়। ওই প্রতিবেদন অনুযায়ী, পদত্যাগের পর হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদে ফেরার সুযোগ নেই বিরাজ কুমারের। অতএব, তিনি আর শিক্ষক নন। ২০০৮ সালের ১৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় ওই কলেজে অধ্যক্ষ নিয়োগসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। কলেজ পরিদর্শক মো. আবদুর রশিদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যক্ষ পদ শূন্য হলে উপাধ্যক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিতে হবে। উপাধ্যক্ষ কর্মরত না থাকলে কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক এ দায়িত্ব পালন করবেন। পরবর্তী ছয় মাসের মধ্যে অধ্যক্ষ নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রজ্ঞাপন জারির পর একই বছরের ১১ মে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগ না দেওয়ার বিষয়টির মোকাবিলায় আদালতে মামলা করেন বিরাজ কুমার। গত ৩ অক্টোবর নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মশিউর রহমান মামলাটি খারিজ করে দেন। বিরাজ কুমার বলেন, মামলা খারিজ হয়ে যাওয়ার পর তিনি উচ্চ আদালতে আপিল করেননি। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আবু হাসনাত মো. শহীদের মুঠোফোনে কল করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আইন শাখার সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, মামলাটি খারিজের পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বিরাজ কুমারের থাকার কোনো বৈধতা নেই। শুধু তা-ই নয়, তিনি যত দিন ওই পদে ছিলেন, তা-ও অবৈধ বলে বিবেচিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।