অনুমোদন নেই, কুমিল্লার ২০ কলেজে ভর্তি কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন না নিয়েই কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ছয় জেলায় ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ২০টি নতুন কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কলেজগুলো শিক্ষার্থীদের ভর্তির জন্য ব্যানার ও ফেস্টুন লাগিয়ে চটকদার প্রচারণা চালাচ্ছে। এসবের বেশির ভাগই ভাড়াবাড়িতে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে। তবে গত চার বছরে বোর্ড ৩৩টি নতুন কলেজের অনুমোদন দিয়েছে।

শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক নিজামুল করিম জানান, গত কয়েক দিনে শিক্ষা বোর্ডে ২০টি নতুন কলেজ খোলার আবেদন জমা পড়েছে। এর মধ্যে কুমিল্লায় নয়টি, ফেনীতে সাতটি এবং চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি করে আবেদন জমা পড়েছে।এগুলো হচ্ছে কুমিল্লা রয়েল কলেজ, কুমিল্লা মহানগর কলেজ, রূপসী বাংলা কলেজ, হাফিজ আহমেদ উচ্চবিদ্যালয় ও কলেজ, চৌদ্দগ্রাম মডেল কলেজ, ধাতীশ্বর হাইস্কুল অ্যান্ড কলেজ, লাকসাম কমার্স কলেজ, আতাকরা উচ্চবিদ্যালয় ও কলেজ, বড়ইগাঁও বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ফেনী ভিক্টোরিয়া কলেজ, ফেনী মডেল কলেজ, ফেনী সাউথ এশিয়া কলেজ, ফেনী এশিয়া কলেজ, ফেনী বালিকা বিদ্যানিকেতন ও কলেজ, আলীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, দরবেশের হাট পাবলিক কলেজ, চাঁদপুর সিটি কলেজ, নরউত্তমপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, খিলবাইচা স্কুল অ্যান্ড কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান কলেজ। এর মধ্যে আটটি কলেজের নিজস্ব জায়গায় ভবন রয়েছে। অন্য ১২টি কলেজ ভাড়া বাড়িতে গড়ে উঠেছে।

শিক্ষা বোর্ড থেকে জানা যায়, মফস্বল এলাকায় এক একর, শহরে ৭৫ শতক এবং সিটি করপোরেশন এলাকায় ৫০ শতক জায়গা থাকলে কলেজ প্রতিষ্ঠা করা যায়। একই সঙ্গে প্রতি ৭৫ হাজার জনসংখ্যার জন্য একটি কলেজ থাকার বিধান রয়েছে। কিন্তু যেসব এলাকায় নতুন কলেজ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, সেখানে কোনো ধরনের শর্ত পূরণ করা হয়নি।

কয়েকটি কলেজ ঘুরে দেখা যায়, আবাসিক ভবন ভাড়া করে কলেজগুলো সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। ১৮ মে থেকে ভর্তি ফরম বিতরণ শুরু হলেও এসব কলেজ অনেক আগে থেকেই ভর্তি কার্যক্রম শুরু করেছে।

২০০৯ সালের মার্চ মাস থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই শিক্ষা বোর্ডের অধিভুক্ত ছয় জেলায় ৩৩টি কলেজ পাঠদানের অনুমতি পেয়েছে। এর মধ্যে কুমিল্লায় ১৪টি, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি, চাঁদপুরে চারটি, নোয়াখালীতে চারটি, ফেনীতে তিনটি ও লক্ষ্মীপুরে দুটি।

বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. অলিউর রহমান বলেন, ‘এ বছর এ পর্যন্ত ২০টি কলেজ খোলার আবেদন এসেছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করলেই এসব কলেজের অনুমোদন দেওয়া হবে। অনুমোদনের আগে কোনো কলেজ প্রচারণা ও ভর্তি কার্যক্রম চালালে সেটি সম্পূর্ণরূপে বেআইনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’