অনুমোদন পাচ্ছে আরও একটি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেতে যাচ্ছে। ‘ট্রাস্ট ইউনিভার্সিটি’ নামের এই বিশ্ববিদ্যালয় হচ্ছে বরিশাল শহরে। বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছিলেন বরিশাল-২ আসনের আওয়ামী লীগ-দলীয় সাংসদ তালুকদার মো. ইউনুস।
দেশে বর্তমানে ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে হাতেগোনা কয়েকটি ভালো। বাকিগুলোর বিরুদ্ধে রয়েছে শর্ত লঙ্ঘন, শিক্ষাবাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ। বিগত মহাজোট ও বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত ২৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদেরা কয়েক মাস আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় নতুন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় না থাকা জেলাকে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে বলেছেন। এ অবস্থায় বরিশালে একটি সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও ট্রাস্ট বিশ্ববিদ্যালয় অনুমোদন পেতে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, প্রস্তাবিত ট্রাস্ট বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন—এমন কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকতা শুরু করেছে। আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো শেষ করে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে পরিপত্র জারি করা হবে।
সর্বশেষ গত বছরের শেষ দিকে ‘সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার। এটি অনুমোদন পায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে। এই বিশ্ববিদ্যালয় কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টির পেছনে আছেন ক্ষমতাসীন দলের সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। তিনি বর্তমানে অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। অভিযোগ রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পেছনে রয়েছে রাজনৈতিক বিবেচনা।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, সাংসদ তালুকদার মো. ইউনুস প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রী বরাবর পত্র জমা দেন। এরপর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এতে প্রধানমন্ত্রীর সম্মতির কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়টি অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। শিক্ষাসচিব বরাবর এই চিঠি পাঠানো হয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ আবদুল মালেকের সইয়ে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান ওই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এখন নিয়মানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমানে প্রায় ১৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন জমা রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরিকমিশন (ইউজিসি) সরেজমিনে পরিদর্শন করে এর মধ্যে প্রস্তাবিত শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এগুলোর মধ্যে ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এ ছাড়া তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনদেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন। এগুলোও শিগগির অনুমোদন পাবে। এই তিনটি বিশ্ববিদ্যালয়ের বিষয়েও ইতিবাচক মতামত দিয়ে ইউজিসি সরেজমিন প্রতিবেদন দিয়েছে বলে ইউজিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন।
বিগত মহাজোট ও বর্তমান সরকারের আমলে অনুমোদন পাওয়া ২৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটি বাদে বাকিগুলোর সঙ্গে রয়েছেন মন্ত্রী, সাংসদসহ ক্ষমতাসীন দলের লোকজন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়েও দলীয় বিবেচনায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়।