অনুমোদন পাচ্ছে আরও ৮-১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়
সরকার নতুন করে আরও ৮ থেকে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিতে যাচ্ছে। আগামী রোববার এ বিষয়ে আদেশ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। আট থেকে ১০টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হবে। আশা করছি, আগামী সপ্তাহে আদেশ জারি হবে।’তবে অনুমোদন পেতে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর নাম বলতে রাজি হননি মন্ত্রী। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কঠোর গোপনীয়তা বজায় রাখছে। সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় নতুন বিশ্ববিদ্যালয় থাকছে। শিক্ষানগর রাজশাহীতে শর্ত পূরণ করা সর্বাধিক সংখ্যক প্রায় এক ডজন আবেদন থাকলেও সেখানে নতুন বিশ্ববিদ্যালয় দেওয়া হচ্ছে না। সূত্র জানায়, একটি প্রভাবশালী মহল রাজশাহীতে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। এর আগের দফায় রাজশাহীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। রাজশাহীতে এই মুহূর্তে অবৈধ ঘোষিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পাঁচটি শাখা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ১০টি শাখা পরিচালিত হচ্ছে। নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিলে অবৈধ শাখাগুলো বন্ধ হতে পারে।সূত্রমতে, সরকারি দলের বাইরে মহাজোটের একজন সাংসদ একটি বিশ্ববিদ্যালয় পাচ্ছেন। ছাত্রলীগের সাবেক একজন সভাপতি চট্টগ্রামে পাচ্ছেন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি। খুলনায় সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে সামনে রেখে আবেদন করা এক ব্যক্তি বিশ্ববিদ্যালয় পাচ্ছেন। ওই ব্যক্তি খুলনায় শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত অবৈধ বিশ্ববিদ্যালয় দারুল ইহসানের শাখা পরিচালনা করে আসছেন।বর্তমানে দেশে ৬৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। নতুন করে ৮-১০টি যোগ হলে এ সংখ্যা ৭০ ছাড়িয়ে যাবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করা হয়। এরপর নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত ১০৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্য থেকে গত ১৪ মার্চ আটটির অনুমোদন দেয় সরকার। গত ১৬ অক্টোবর শর্ত সাপেক্ষে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় নামে চাঁপাইনবাবগঞ্জে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়।