অনুমোদন পেল আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি নামে নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার আদেশ জারি করা হয়েছে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৭১টি। এর মধ্যে বর্তমান সরকারের আমলে অনুমোদন পেল ১৭টি। নতুন এ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আছেন সাবেক সচিব এস এস আল সোলায়মানী। তবে এর সঙ্গে ঢাকায় অবস্থিত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের যোগসূত্র আছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কারণ, এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যও নতুন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি হিসেবে আছেন। সূত্রমতে, বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পাওয়ার ক্ষেত্রে চট্টগ্রামে বাড়ি সরকারের এমন একজন মন্ত্রী ভূমিকা রেখেছেন। দেশের বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশের বিরুদ্ধে বহুবিধ অভিযোগ থাকার পরও সরকার একের পর এক নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই যাদের তদবিরের ক্ষমতা বেশি, তাদেরই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে এলাকাভেদে বৈষম্যেরও অভিযোগ আছে। এ কারণে শিক্ষাবিদদের মধ্যে বিষয়টি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আছে।এর আগে তিন দফায় ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় এ সরকার। এগুলোর বেশির ভাগই দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তি বা বর্তমান সরকার সমর্থক ব্যবসায়ীদের। এমনকি পরিদর্শন প্রতিবেদন ছাড়াই বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার অভিযোগ রয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ও দলীয় বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এমনকি জোট সরকারের শেষ কর্মদিবসেও একটি বেসরকারি সংস্থাকে ঢাকায় এবং একজন মন্ত্রীকে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল।