অনুমোদন মিলেছে, বরাদ্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় ১১৬ কোটি টাকা ব্যয়সাপেক্ষ যমুনা নদীর ডান তীরে দড়িপাড়া-অন্তারপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষা প্রকল্প অনুমোদন করা হলেও এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।যমুনার ভাঙন রোধ প্রকল্পের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা জানান, ধুনট উপজেলার আটাচর ও পুকুরিয়া এবং সারিয়াকান্দির কর্ণিবাড়ী, অন্তারপাড়া, তালুকদারপাড়া, কামালপুর ও দড়িপাড়ায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া না হলে ধুনট, সারিয়াকান্দি, কাজীপুর, শেরপুর ও রায়গঞ্জ—এই পাঁচটি উপজেলার কয়েক লাখ মানুষের বাড়িঘর, ফসল ও সম্পদ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে।সরেজমিনে দেখা গেছে, যমুনার ভাঙনে দড়িপাড়া, আটাচর ও পুকুরিয়ার বিভিন্ন স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ বিলীন হয়ে গেছে এবং ভাঙন অব্যাহত রয়েছে।বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্রে জানা গেছে, গত বর্ষায় ধুনট ও সারিয়াকান্দিতে বন্যানিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থান যমুনার পানির তোড়ে ভেঙে যায়। এরপর বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষা প্রকল্পের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় ১১৬ কোটি টাকা অনুমোদন দেয়। এ প্রকল্প বাস্তবায়নের জন্য গত ২২ মার্চ দরপত্র আহ্বান করা হয়। কিন্তু অর্থ বরাদ্দ না দেওয়ায় চলতি অর্থবছরে প্রকল্প বাস্তবায়নের কাজ হচ্ছে না এবং ঠিকাদারও নিয়োগ করা যাচ্ছে না। আবার নিশ্চিত করে বলা যাচ্ছে না, কবে নাগাদ অর্থ পাওয়া যাবে।পাউবোর কর্মকর্তারা জানান, চলতি বছর জরুরি ভিত্তিতে ভাঙন রোধে আরেকটি প্রকল্পের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই অর্থ দিয়ে বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে যমুনার ভাঙনকবলিত স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে।এ ছাড়া পাঁচ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে দুটি স্থানে বিকল্প বাঁধ নির্মাণের কাজ গত ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে। এর মধ্যে দড়িপাড়া ও আটাচর ভাঙন এলাকায় দুই কোটি ৭০ লাখ টাকার কাজ পেয়েছেন বগুড়ার ঠিকাদার শাহিন আহম্মেদ (রুপা কনস্ট্রাকশন, বগুড়া)। এ ছাড়া ভান্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়ায় দুই কোটি ৬০ লাখ টাকার কাজ পেয়েছেন ঠিকাদার বজলুর রহমান (জিতু কনস্ট্রাকশন, বগুড়া)। এই বাঁধের কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ করতে হবে। এ প্রকল্পের অর্থ এখন পর্যন্ত ছাড় পাওয়া যায়নি।ঠিকাদার বজলুর রহমান বলেন, ‘আমরা এক মাস ধরে নিজের অর্থ দিয়ে বাঁধের কাজ করলেও এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাইনি।’পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক বলেন, কাজ করে সময়মতো টাকা না পাওয়ায় ঠিকাদারেরা কাজ করতে চান না।পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী মমতাজ উদ্দীন বলেন, যমুনা নদীর ভাঙন রোধ এবং তীর সংরক্ষণ প্রকল্পের জন্য ১১৬ কোটি টাকা অনুমোদন পাওয়ার পর দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু এখনো অর্থ পাওয়া যায়নি। ফলে নিযুক্ত করা হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ২০৭ কোটি টাকার আরেকটি প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকানোর জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। বর্ষায় জরুরি প্রয়োজনে বালুভর্তি জিও ব্যাগ ফেলার জন্য এ অর্থ ব্যয় করা হবে।